বছরের সেরা ফেসবুক গেমের তালিকা
সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সেরা ১০ গেমসের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার শীর্ষে আছে প্লেডমের তৈরি ‘গার্ডেনস অব টাইম’ গেমটি। তালিকায় দ্বিতীয় ইএ-র ‘দ্য সিমস সোশ্যাল’ এবং তৃতীয় স্থানে আছে জিঙ্গার তৈরি ‘সিটিভিল’ গেমস।তালিকায় আরও আছে ডবল ডাউন এন্টারটেইনমেন্টের ‘ডবল ডাউন ক্যাসিনো’, জিঙ্গার ‘ইন্ডিয়ানা জোনস অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড’ ও ‘ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস’, বাফেলো স্টুডিওর ‘বিঙ্গো ব্লিটজ’, জিঙ্গার ‘এম্পায়ার্স অ্যান্ড অ্যালাইস’, প্লেটিকার ‘স্লটম্যানিয়া-স্লট মেশিন’ এবং ওয়াগার ‘ডায়মন্ড ড্যাশ গেমস’। ফেসবুকে নিয়মিত এক লাখ গেমারের ওপর জরিপের ফলাফল হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে।এর পাশাপাশি নতুন সেরা গেমস, নিয়মিত এক লাখ ব্যবহারকারীর খেলা গেমস, সেরা ক্যাসিনো স্পোর্টস, ফ্যাশন গেমসের তিনটি সেরার তালিকাও প্রকাশ করা হয়েছে। নতুন গেমের শীর্ষ তালিকায় আছে ‘ব্যাটল পাইরেটস’, ‘ড্রাগনস অব অ্যাটলান্টিস’ ও ‘গরমিট র্যাঞ্চ’। ৫০ হাজার থেকে এক লাখ ব্যবহারকারী গেমের তালিকার শীর্ষে আছে ‘সুপার স্লট মেশিনস’, ‘ওয়েস্টওয়ারস’ ও ‘মাউসহান্ট’। সেরা ক্যাসিনো গেমসের তালিকায় রয়েছে ‘জিঙ্গা পোকার’, ‘স্লটম্যানিয়া-স্লট মেশিন’ ও ‘ডাবলডাউন ক্যাসিনো’। স্পোর্টস গেমসের শীর্ষ তালিকায় রয়েছে ‘টপইলেভেন-বিএ ফুটবল ম্যানেজার’, ‘পুল লাইভ ট্যুর’ ও ‘ইএ স্পোর্টস: ফিফা সুপারস্টার’। ফ্যাশন গেমসের শীর্ষ তালিকায় রয়েছে ‘মল ওয়ার্ল্ড’, ‘ইটগার্ল’ ও ‘কোকো গার্ল’। —ফেসবুক প্লাটফর্ম অবলম্বনে কাজী আশফাক আলম