বড় দুশ্চিন্তা এখন মোবাইল হারানো
মানুষের দৈনন্দিন জীবনে এখন এক বড় দুশ্চিন্তাই হয়ে দাঁড়িয়েছে মোবাইল হারানো ভয়। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার আশঙ্কা ভারতের শহুরে মানুষের মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতের একটি মুঠোফোন নিরাপত্তা প্রতিষ্ঠান দেশটিতে আট হাজার ব্যক্তিকে নিয়ে করা এক জরিপে এ তথ্য পেয়েছে।জরিপে অংশগ্রহণকারীদের প্রত্যেকেই মোবাইল হারানোর আশঙ্কাকে বড় দুশ্চিন্তা হিসেবে মন্তব্য করেছেন। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।মোবাইল ফোন হারিয়ে গেলে মোবাইল ফোনে সংরক্ষিত যাবতীয় নম্বর, ব্যক্তিগত তথ্য ও ছবি হারানোর বিষয়টি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতে। ভারতের ওয়ানঅ্যাসিস্ট কনজুমার সলিউশন নামের একটি প্রতিষ্ঠান ভারতীয়দের দুশ্চিন্তা নিয়ে এ গবেষণা করেছে।গবেষণায় দেখা গেছে, মোবাইল হারানোর পাশাপাশি কোনো গন্তব্যে দেরিতে পৌঁছানো, মানিব্যাগ ও চাবি খুইয়ে বসা, শিশু লালন-পালন, ঘর-বাড়ি, চাকরি নিয়েও কমবেশি সবাই দুশ্চিন্তা করেন।গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ও মানিব্যাগ হারানো আশঙ্কা এখন মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করছে। তাই প্রতিনিয়তই পকেট বা ব্যাগে মোবাইল ফোন ও মানিব্যাগটি যথাস্থানে আছে কিনা তা পরীক্ষা করে দেখেন ভারতীয়রা। মোবাইল ফোন নম্বর হারানো ভয়কে ‘নোমোফোবিয়া’ বলছেন গবেষকেরা। এর আগে ২০১২ সালে যুক্তরাজ্যের গবেষকেরা এক হাজার ব্যক্তিকে নিয়ে পরিচালিত এক গবেষণায় ৬৬ শতাংশ ব্যক্তির মধ্যে নোমোফোবিয়ার শিকার হওয়ার তথ্য পেয়েছিলেন। সিকিউরএনভয় নামের একটি প্রতিষ্ঠানের করা ওই গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিরা জানিয়েছিলেন, প্রতিদিন গড়ে ৩৪ বার মোবাইল যথাস্থানে রয়েছে কিনা তা দেখতে পকেট হাতড়ান তাঁরা।