বড় পায়ের পাতার নারী আবেদনময়ী!
পুরুষ তাঁর স্বপ্নের নারীর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য খুঁজে ফেরেন। আকর্ষণীয় চেহারা, মসৃণ ত্বক ও সুগঠিত দেহ—এগুলোই তো প্রচলিত। তবে ইন্দোনেশিয়ার আদিবাসী পুরুষদের ব্যাপারটা নাকি আলাদা। তাঁরা বড় পায়ের পাতা দেখে স্বপ্নের নারীকে বাছাই করেন।
নৃবিজ্ঞানীরা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রত্যন্ত গ্রামগুলোয় করো বতাক আদিবাসী গোষ্ঠীর পুরুষদের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছেন। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষক জিওফ কুশনিকের নেতৃত্বে ওই সমীক্ষা পরিচালিত হয়। সমীক্ষা চলাকালে দেখা গেছে, বড় পায়ের পাতার নারীদের প্রতি পুরুষের আকর্ষণ সবচেয়ে বেশি।
নৃবিজ্ঞানীরা বলছেন, হাজার হাজার বছর ধরে মানুষ কিছু সর্বজনীন শারীরিক বৈশিষ্ট্যকেই প্রাধান্য দিয়ে আসছে। তবে এ ধরনের তত্ত্বের সঙ্গে করো বতাক গোষ্ঠীর মানুষের পছন্দের বিষয়টির অবস্থান বিপরীতমুখী।
বেশির ভাগ সমাজেই নারীর ছোট ও আকর্ষণীয় পায়ের পাতার প্রতিই পুরুষদের ঝোঁক বেশি থাকে। তবে করো বতাক গোষ্ঠীর পুরুষেরা বড় পায়ের পাতার নারীদেরই বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কুশনিক এর উপযুক্ত কারণ বের করার চেষ্টা করেন।
কুশনিক বলেন, বড় পায়ের পাতার নারীরা ধানখেতে সহজেই চলাফেরা করতে পারেন। সম্ভবত এ কারণেই পুরুষেরা এ ধরনের নারীকে সঙ্গী হিসেবে বাছাই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। দ্য টেলিগ্রাফ।