বদলে ফেলুন গুগলের পটভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের ব্যবহারকারীরা এর সাদামাটা চেহারা বদলে নেওয়ার সুযোগ পাচ্ছে।এখন থেকে মূল সার্চ পাতার নিচের বাঁ পাশে Change background image নামে একটি সংযুক্তি (লিঙ্ক) দেখা যাবে। এটি ব্যবহার করে সার্চ পাতার সাদা পটভূমি পরিবর্তন করে পছন্দের যেকোনো ছবি ব্যবহার করা যাবে। মোট তিন ধরনের পদ্ধতিতে এখানে ছবি যুক্ত করার সুবিধা দেওয়া হয়েছে। প্রথমত, ব্যবহারকারী তার নিজের কম্পিউটার থেকে ছবি আপলোড করতে পারবে। ব্যবহারকারীর পিকাসা ওয়েব অ্যালবাম (http://picasaweb.google.com) থেকে পছন্দের ছবিটি ব্যবহারের সুবিধাও রয়েছে। এ ছাড়া অন্যান্য পিকাসা ব্যবহারকারীর উন্মুক্ত ছবিগুলোও ব্যবহার করার অপশন রয়েছে এখানে। তবে এই সার্চের পাতাজুড়ে বিশাল ছবি ব্যবহার করার জন্য গুগল সার্চের ফলাফল ধীর গতিতে আসবে এমনটি নয়। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্চের পাতাটি দেখানোর সময় প্রথমে তারা সার্চের ফলাফল গ্রহণ করে, এর পরে পাতার অন্যান্য অংশ। যার ফলে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করার আগে যেমন দ্রুত ফলাফল দেখা যেত, এখনো তেমনি দেখা যাবে। সেই সঙ্গে এ অপশনটি চালু করার পর বন্ধ করে দিতে চাইলে সহজেই Remove Background Image অপশনটি ব্যবহার করে ছবিটি সরিয়ে ফেলা যাবে। এ ধরনের একটি সেবা মাইক্রোসফটের বিং (www.bing.com) সার্চ ইঞ্জিনে শুরু থেকেই দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে বিং-এর মূল পার্থক্য হলো, গুগলের ব্যকগ্রাউন্ডের ছবিটি পছন্দ বা ব্যবহার করা না করার বিষয়টি ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। —নাসির খান