বদলে যাচ্ছে গেম বাজার
বর্তমান বাজার শুধু হার্ডকোর ভিডিও গেমারদের মধ্যেই সীমাবদ্ধ নেই। আইফোন বা ট্যাবলেটের মতো ব্যবসায়ীদের নজর এখন ডিভাইস ব্যবহারকারীদের দিকে। চলতি পথে কিংবা যেকোনো অপেক্ষার মধ্যে সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা মুঠোফোনে বিভিন্ন রকম গেম খেলছেন। আর তাই এসব নতুন গেমারদের জন্য বড় মাপের গেম তৈরির দিকে ঝুঁকছে অনেক প্রতিষ্ঠান। আগে ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ইথ্রি) থেকে সব সময় প্লে-স্টেশন কিংবা এক্সবক্স ৩৬০-এর জন্য বড় মাপের ভিডিও প্রকাশের খবর আসত। কিন্তু এখন বিষয়টি বদলে গেছে। যখন-তখন ভিডিও গেমের জন্য এখন স্মার্টফোন কিংবা ট্যাবেলটকেই বেছে নিচ্ছে সাধারণ মানুষ।গেম প্রকাশক সংস্থা ‘বাল্কিপিক্স’-এর কর্ণধার অলিভিয়ার পিয়েরি বলেন, ‘মুঠোফোন এক নতুন ফ্ল্যাটফর্ম। এসব নতুন ফ্ল্যাটফর্ম কনসোল গেমারদের কাছে টানতে সক্ষম হবে না।’ অবশ্য তিনি স্মার্টফোন এবং কনসোল গেমারদের মধ্যে এ মুহূর্তে কোনো প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পাচ্ছেন না। বরং প্রতিযোগিতার বিষয়টি তিনি রাখতে চান ভবিষ্যতের জন্য। বাজার বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের কারণে গ্রাহক হারাতে শুরু করেছে নিন্টেন্ডো থ্রিডিস এবং সোনি ভিটা। গবেষণা সংস্থা এবিআই রিসার্চের এক সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০১৩ সালে হাতে বহনযোগ্য নিন্টেন্ডো কিংবা সোনি ভিটা বিক্রি হতে পারে ৩৮ মিলিয়ন কপির মতো। ২০০৮ সালে এই সংখ্যা ছিল ৪৭ মিলিয়ন। সমীক্ষায় দেখা যাচ্ছে, ভিডিও গেমের জন্য স্মার্টফোন কিংবা ট্যাবলেটের চাহিদা দিনদিন বাড়ছে। আর হাতে বহনযোগ্য গেমিং ডিভাইসের সঙ্গে মুঠোফোনের প্রতিদ্বন্দ্বিতা চলবেই। কিন্তু যারা স্মার্টফোন কিংবা ট্যাবলেট পছন্দ করে না বা যাদের এসব নেই তাদের কাছে গেমিং ডিভাইসের চাহিদা একই থাকবে। মুঠোফোনের এই গেমের প্রসারকে অনেকেই স্বাগত জানিয়েছেন। —এএফপি অবলম্বনে প্রদীপ সাহা