বদলে যাচ্ছে নকিয়ার নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে পরিবর্তন করা হচ্ছে নকিয়ার নাম। ফিনল্যান্ডভিত্তিক মোবাইল ফোন নির্মাতা নকিয়াকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কিনে নেওয়ার পর থেকেই এমন পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল। এবার সেটি সত্য হলো। নকিয়ার নাম হয়ে হচ্ছে ‘মাইক্রোসফট মোবাইল’। এ ছাড়া নকিয়ার পুরো মোবাইল ফোন বিভাগটির নাম হতে যাচ্ছে ‘মাইক্রোসফট মোবাইল করপোরেশন’।
সম্প্রতি মাইক্রোসফট ও নকিয়ার মধ্যকার এক চুক্তির খবর ইন্টারনেটে প্রকাশ হয়ে যায়। আর সে চুক্তির তথ্য অনুযায়ী, খুব শিগগিরই নতুন নাম, বিভাগের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়সংক্রান্ত চুক্তি সই করবেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। তবে নকিয়া ব্র্যান্ড নামটি নকিয়া এবং মাইক্রোসফট দুই পক্ষই ব্যবহার করতে পারবে।
তবে নকিয়ার নাম পরিবর্তন হলেই নকিয়ার সবকিছুর পরিবর্তন হচ্ছে না। যেহেতু মাইক্রোসফট শুধু নকিয়ার মোবাইল ফোন বিভাগ এবং ফিচার ফোন তৈরির নির্মাণ অংশ তাই ফোনের নাম আর বিভাগের নামের পরিবর্তন হচ্ছে। নকিয়ার বর্তমান নেটওয়ার্ক যন্ত্রাংশের ব্যবসাসহ অন্যান্য কার্যক্রম নকিয়া নামেই চলবে বলে জানা গেছে।
গত বছরের অক্টোবরেই নাম পরিবর্তনের ব্যাপারে কিছু তথ্য জানিয়েছিলেন নকিয়ার তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বর্তমান নির্বাহী সহসভাপতি স্টিফেন ইলোপ। তবে কবে নাগাদ পরিবর্তনটি হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। অবশেষে চুক্তির তথ্য প্রকাশিত হয়ে যাওয়ায় এ বিষয়ে খবর ছড়িয়ে পড়ে।
—টাইমস অব ইন্ডিয়া ও জিএসএম অ্যারিনা অবলম্বনে কাজী আলম