পরিবেশের উপকার বন পুড়িয়ে!

বন্য প্রাণী শিকারে বিস্তর এলাকা পুড়িয়ে নিধন করার ফলে পরিবেশের ক্ষতি হয়, এটাই প্রতিষ্ঠিত ধারণা। তবে এ ধরনের কর্মকাণ্ড কি পরিবেশের জন্য উপকারও বয়ে আনতে পারে? শুনতে স্ববিরোধী মনে হলেও, এক গবেষণায় বেরিয়ে এসেছে তেমনই চমকপ্রদ তথ্য।
অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীগুলো ক্যাঙারু, টিকটিকিসহ বিভিন্ন ধরনের প্রাণী শিকার করতে আগুন ব্যবহার করে থাকে; কচ্ছপের গর্ত খুঁজে পেতে তারা বিস্তর চারণ ভূমি জ্বালিয়ে দেয়। হাজার হাজার বছর ধরেই তারা এটা করে আসছে। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য একাধিক উপকার বয়ে এনেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
সুনির্দিষ্টভাবে বললে, আদিবাসীদের ওই কর্মকাণ্ড ভূ-চিত্রকে বৈচিত্র্যময় করে প্রাণিকুলের জন্য অধিকতর উপযুক্ত আবাসস্থল তৈরি করতে সাহায্য করেছে। সেখানে বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী বিকশিত হয়েছে, যেগুলো জীবজন্তু ও মানুষের জন্য খাবারের সংস্থান করে দিয়েছে।
বিশ্বাস হোক বা না হোক, সাম্প্রতিক গবেষণা বলছে, এভাবে আগুন জ্বালিয়ে টিকটিকি ধরার ফল হয়েছে উল্টো—সংখ্যা হ্রাস পাওয়ার পরিবর্তে আরও বেড়েছে। আগুন জ্বালানো হয়েছে এমন স্থানে অন্য এলাকার চেয়ে প্রাণীটির সংখ্যা তুলনামূলক বেশি বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাসের ওই গবেষণায় বলা হয়েছে, ‘যেসব এলাকায় টিকটিকি ধরার জন্য আদিবাসীদের কর্মতৎপরতা সবচেয়ে বেশি, সেসব এলাকায় এর সংখ্যাও অধিকতর বেশি।’
বিজ্ঞানবিষয়ক সাময়িকী হিউম্যান ইকোলোজিতে প্রকাশিত নতুন এক গবেষণা নিবন্ধে বলা হয়েছে, আদিবাসীদের জ্বালানো আগুনের কারণে পাহাড়ি ক্যাঙারুর সংখ্যাও বাড়ছে। গবেষণা নিবন্ধটির সহলেখক ও ইউনিভার্সিটি অব ইউটাহর গবেষক ব্রায়ান কোডিং বলেন, ‘যেসব এলাকায় আদিবাসীরা সচরাচর আগুন জ্বালিয়ে শিকার করে থাকে, সেসব এলাকায় পাহাড়ি ক্যাঙারুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিকারের কারণে প্রাথমিকভাবে ক্যাঙারুর জনসংখ্যা কমেছে। তবে আগুনের কারণে যেসব উপকার এসেছে, তা ওই ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করেছে।’
কিন্তু এ ধরনের সব শিকারই কি উপকারী? গবেষক কোডিং বলছেন, যেখানে মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক কিংবা নির্ভরশীলতা দীর্ঘদিনের, সেখানে জীববৈচিত্র্য মনুষ্যসৃষ্ট উৎপাতের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চল এবং আফ্রিকার কিছু এলাকার জন্য এটা সত্যি। এসব এলাকায় শিকার-নির্ভর যাযাবর সমাজগুলো চাষাবাসের ওপর নির্ভরশীল ছিল না। দীর্ঘদিন তারা যেভাবে ভূমিকে ব্যবহার করেছে, পরিবেশ তার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে।
তার মানে, ভূমি ব্যবহারের দীর্ঘস্থায়ী কোনো প্রথা পরিবেশের ওপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ওই গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এসব প্রথায় পরিবর্তন এলে, তা পরিবেশের জন্য ক্ষতি ডেকে আনতে পারে। অস্ট্রেলিয়ার ক্ষুদ্র স্থন্যপায়ী প্রাণীগুলো দ্রুততার সঙ্গে বিলুপ্ত হওয়ার প্রধান কারণ এটাই বলে মনে করছেন গবেষকেরা। তাঁদের মতে, দেশটি ইউরোপীয়দের উপনিবেশে পরিণত হওয়ার পর আদিবাসীদের আগুন জ্বালিয়ে শিকার করার মাত্রা কমে যায়। হঠাৎ এ পরিবর্তনের কারণে ওই স্তন্যপায়ী প্রাণীগুলো দ্রুততার সঙ্গে বিলুপ্ত হতে থাকে।
সূত্র: পপুলার সায়েন্স