বনলতার ব্যবচ্ছেদ
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতাটি পড়েছেন? পড়ে কী বুঝেছেন? রস+আলো একটা ব্যাখ্যা দাঁড় করেছে; পড়ে দেখুন মনের মতো হলো কি না! লেখা: ইকবাল খন্দকার

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
ব্যাখ্যা: আয়-ইনকাম আপনি যা-ই করুন না কেন, গাড়ি না হলে আপনার স্ট্যাটাস রক্ষা হয় না। লেটেস্ট মডেলের ওপর আবার আপনার বিশেষ আকর্ষণ। অথচ জীবনানন্দের গাড়ি ছিল না। এমনকি পাবলিক বাস, সিএনজিচালিত অটোরিকশা বা রিকশায়ও তিনি উঠতেন না। তিনি পথ চলতেন হেঁটে। কই, তাঁর তো স্ট্যাটাস ক্ষুণ্ন হয়নি!

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
ব্যাখ্যা: জীবনানন্দ ঘুরেছেন সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত। তবু তিনি বিরক্ত হননি। যোগাযোগব্যবস্থার ওপর ক্ষোভও ছিল না তাঁর। অথচ আপনি মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত যেতে-আসতেই যোগাযোগব্যবস্থা নিয়ে রাজ্যের ক্ষোভ ঝাড়েন। রাস্তায় কেন খানাখন্দ, কেন ভিআইপি রোডে রিকশা ঢুকতে দেওয়া হয় না, আরও কত কী!

অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
ব্যাখ্যা: জীবনানন্দের মতো বিখ্যাত মানুষ ছিলেন ধূসর জগতে। অথচ সাধারণ পাবলিক হয়ে আপনি খোঁজেন রঙিন জগৎ! কেন রঙিন জগতের বাসিন্দা হতে পারছেন না—এ জন্য আপনার আফসোসের সীমা নেই। আফসোস একটু কমান। ঢাকা শহরের ধুলোবালিতে আপনার রুম যতই ধূসর হয়ে উঠুক, তবু শুকরিয়া করুন।

সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
ব্যাখ্যা: যখন শুনেছিলেন সরকার বাড়তি বিদ্যুৎ উত্পাদন করছে, তখন আপনি ধরেই নিয়েছিলেন আর লোডশেডিং হবে না। কিন্তু যে-ই দেখলেন, মোটামুটি আগের মতো লোডশেডিং হচ্ছে, দুর্নাম গাইতে শুরু করলেন সরকারের। জেনে রাখুন, শুধু আমাদের দেশ বা শহরগুলোতেই নয়, লোডশেডিং সব জায়গায়ই হয়। যদি না হতো, তাহলে জীবনানন্দ অন্ধকারের বিষয়টা উল্লেখ করতেন না। এত কাঁচা লোক ছিলেন না তিনি।

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
ব্যাখ্যা: আপনি একটু ক্লান্ত হলেই শুরু করেন হা-হুতাশ। স্ত্রী-সন্তানদের একটার পর একটা ফরমাশ দিতে থাকেন। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দাও, ইসবগুলের ভুসি গুলিয়ে দাও, এসির ভলিউম কমিয়ে দাও, তালপাতার পাখা দিয়ে চান্দির ওপর বাতাস করো, আরও কত ফুটফরমাশ! অথচ জীবনানন্দ ক্লান্ত হয়েও কাউকে কোনো আদেশ-নির্দেশ করেননি; বরং ‘চারিদিকে জীবনের সমুদ্র সফেন’-টাইপের দার্শনিকসুলভ চিন্তাভাবনায় ডুব দিয়েছেন। কী ভালো! কী ভালো!

আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
ব্যাখ্যা: কিছু একটা হলেই আপনি বলেন, দেশে শান্তি নেই! জীবননান্দ কিন্তু সেটা বলেননি। তাঁর কথার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, শান্তি যথেষ্ট পরিমাণে আছে। আরেকটা ব্যাপার, আপনি ধরেই নিয়েছেন দুনিয়ার সব সুখ কেবল ঢাকা শহরেই আছে। যে কারণে কখনোই প্রত্যন্ত অঞ্চলে বদলি হতে চান না। আপনার ধারণা ভুল। ঢাকার বাইরেও শান্তির দেখা মিলতে পারে। বিশেষ করে নাটোরে।