বন্ধ করে দেওয়া হচ্ছে জিমেইলের পুরোনো সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিমেইলের নতুন সংস্করণ জিমেইল ২.০ প্রকাশিত হয় ২০০৭ সালে। তবে সে সময় থেকেই ব্যবহারকারীরা পুরোনো সংস্করণটি ব্যবহার করার সুযোগ পেতেন। পৃষ্ঠার একেবারে শেষের অংশে সংস্করণ পরিবর্তনের জন্য একটি লিংক দেওয়া থাকে। সম্প্রতি গুগল সিদ্ধান্ত নিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে পুরোনো সংস্করণটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। ফলে এই সংস্করণটি ব্যবহারকারীদের জিমেইলে ঢোকার পর একটি সতর্ক বার্তা দেখানো হচ্ছে। যেখানে ব্যবহারকারীদের একটি আধুনিক ব্রাউজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা জিমেইলের নতুন সংস্করণটি ব্যবহার করতে পারবে। আধুনিক ব্রাউজার বলতে এখানে গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি বা ইন্টারনেট এক্সপ্লোরারের সাম্প্রতিকতম সংস্করণটি ব্যবহার করতে বলা হচ্ছে। মূলত ইন্টারনেট এক্সপ্লোরার ৬ ব্রাউজারটি ব্যবহারকারীদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই পুরোনো সংস্করণটি চালু হয়, যেখানে থিম, জিমেইল ল্যাবস, চ্যাট, বাজ, লেবেল হাইড করার মতো সুবিধাগুলি নেই। নির্দিষ্ট সময় পর থেকে এই ব্রাউজারে বেসিক এইচটিএমএল সংস্করণটি দেখা যাবে। তবে এখানে জিমেইলের সাম্প্রতিকতম সংস্করণটি ব্যবহার করতে চাইলে প্রথমেই http://bit.ly/gmail-ie6-patch ঠিকানা থেকে এই নিরাপত্তা প্যাচটি ইনস্টল করতে হবে। ইনস্টল ছাড়া নতুন সংস্করণের লিংক সরাসরি ব্যবহার করা হলেও তা কার্যকর হবে না। আইই-৬ মেয়াদোত্তীর্ণ ব্রাউজার তালিকাভুক্ত হওয়ার কারণে এ সুবিধাটি বন্ধ করা আছে। কেবল প্যাচটি ইনস্টল করার পরই এটি ব্যবহার করা যাবে। —নাসির খান