
গুগলের তৈরি একসময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট অরকুট বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের পর অরকুটের আর কোনো সেবা পাওয়া যাবে না। গত সোমবার আনুষ্ঠানিকভাবে গুগলের অরকুট টিম এ ঘোষণা দিয়েছে। ফলে নতুনভাবে অরকুটে আর অ্যাকাউন্ট খোলা যাবে না।
আগামী সেপ্টেম্বর পর্যন্ত অরকুটের ব্যবহারকারীরা নিজেদের সব তথ্য সরিয়ে নিতে পারবেন।
ফেসবুক ও টুইটারের সঙ্গে জনপ্রিয়তায় পেরে ওঠেনি অরকুট। ২০০৪ সালে চালু হয় অরকুট। পরবর্তী সময়ে ২০১০ সালে গুগল আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস চালুর পর অরকুট নিয়ে আর কোনো উদ্যোগ দেখা যায়নি।
তবে এখনো অরকুটে ১০ লাখেরও বেশি ব্যবহারকারী রয়েছে। গুগলের অরকুট বিভাগের প্রকৌশলী পাওলো গোলহার জানান, ৩০ সেপ্টেম্বর থেকে অরকুট বন্ধ হয়ে যাবে।
এর মধ্যে ব্যবহারকারীরা চাইলে নিজেদের সব তথ্য সরিয়ে নিতে পারবেন। এ সময় পর্যন্ত বর্তমান ব্যবহারকারীদের অরকুট ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইলের তথ্য, পোস্ট, ছবি গুগল টেকআউট সেবা ব্যবহার করে সরিয়ে নিতে পারবেন।
—ভেঞ্চার বিট অবলম্বনে কাজী আলম