বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের তৈরি ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ ও ১০-এর আর কোনো গ্রাহকসেবা দেওয়া হবে না। যারা এখনো এগুলো ব্যবহার করছে তাদের দ্রুত হালনাগাদ করে ফেলার পরামর্শ দিয়েছে শীর্ষ এ সফটওয়্যার নির্মাতা। যদিও মাইক্রোসফটের তৈরি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েই প্রথম কয়েক লাখ ব্যবহারকারী ওয়েব জগতের প্রথম স্বাদ পেয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরারের জায়গা করে নিয়েছে মাইক্রোসফটের নতুন ব্রাউজার এজ।
দীর্ঘদিন ধরে ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা কমতে থাকার পরও মাইক্রোসফট এ ব্রাউজারের গ্রাহকসেবা দিয়ে যাচ্ছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবেই প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরোনো ইন্টারনেট এক্সপ্লোরারের সংস্করণের জন্য প্রতিষ্ঠানটি কারিগরি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট সব ধরনের হালনাগাদ বা সাপোর্ট বন্ধ করে দিচ্ছে। এখনো নতুন সংস্করণ হালনাগাদ না করা ব্যবহারকারীদের মাইক্রোসফট সতর্ক করে জানিয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার পুরোনো সংস্করণ ব্যবহার করলে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ, ম্যালওয়্যার ইত্যাদি যেমন ব্যবহারকারীর ডেটা চুরি করতে পারবে, তেমনি পিসির তথ্যও বেদখল হতে পারে।
গবেষণা প্রতিষ্ঠান নেটমার্কেট শেয়ারের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ডিসেম্বরের তথ্য অনুযায়ী প্রতি পাঁচজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে এখনো একজন ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ ও ১০ সংস্করণ ব্যবহার করছে। যা প্রায় মোট ব্যবহারকারীদের মধ্যে ১৯.৮ শতাংশ। আর এ ব্যবহারকারীদের জন্য অনেক দিন আগে থেকেই সতর্কবার্তা দিয়ে যাচ্ছিল মাইক্রোসফট। এবার সেটির বাস্তবায়ন করে ফেলেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের এমন উদ্যোগে ইন্টারনেট এক্সপ্লোরারের পুরোনো ব্যবহারকারীরা নতুনভাবে নতুন সংস্করণে হালনাগাদ করে ফেললে আবার সব ধরনের নিরাপত্তা এবং অন্যান্য সার্ভিস সেবা পাবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের সাপোর্ট বিভাগের একজন মুখপাত্র।
ইনগ্যাজেট