বন্ধ হচ্ছে গুগলের ৫ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল ব্যবসার সঙ্গে তাল মেলাতে পারছে না এমন পাঁচটি সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। ৩ জুলাই গুগল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।যে পাঁচটি সেবা গুগল বন্ধ করতে যাচ্ছে, সেগুলো হলো—আইগুগল, গুগল ভিডিও, গুগল মিনি, গুগল টক চ্যাটব্যাক ও সিমবিয়ান সার্চ অ্যাপ।গুগলের জনপ্রিয় একটি ব্যক্তিগত হোমপেজ সেবা আইগুগল। ২০১৩ সালের ১ নভেম্বর এ সেবাটি বন্ধ করে দেওয়া হবে বলেই জানিয়েছে গুগল। ব্যবহারকারীদের তাঁদের যাবতীয় তথ্য সরিয়ে নেওয়ার জন্য ১৬ মাস সময় দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে গুগল। বর্তমান যুগে ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশনের প্রসারে আইগুগলের প্রয়োজনীয়তা ফুরিয়েছে বলেই মনে করেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজ। ‘গুগল ভিডিও’ সাইটটিতে ২০০৯ সালের মে মাসে ভিডিও আপলোড বন্ধ করেছিল গুগল। জানা গেছে, এ বছরের ২০ আগস্ট এই সাইটটি পুরোপুরি বন্ধ করে দেবে গুগল।ল্যারি পেজ আরও জানিয়েছেন, কোনো সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন, কিন্তু ব্যবহারকারীদের কথা বিবেচনা করেই এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।উল্লেখ্য, ২০১১ সালের ৪ এপ্রিল গুগলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৩০টিরও বেশি সেবা বন্ধ করেছেন ল্যারি পেজ।