বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ লাইভ মেসেঞ্জার!
মাইক্রোসফট এবার বন্ধ করে দিচ্ছে নিজেদের জনপ্রিয় মেসেঞ্জার উইন্ডোজ লাইভ। ১৮ মাস আগে প্রতিষ্ঠানটি যোগাযোগ সফটওয়্যার উন্নত করার সুবিধা যোগ করতে প্রায় ৮৫০ কোটি ডলার খরচের ঘোষণা দেয় এবং স্কাইপকে অধিগ্রহণ করে। এরপরই এমন ঘোষণা দিল মাইক্রোসফট। আগামী বছরের মার্চ থেকে চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশে উইন্ডোজ লাইভ মেসেঞ্জার আর থাকছে না বলে জানা গেছে। তবে এর ব্যবহারকারীদের মেসেঞ্জারে যুক্ত থাকা অ্যাকাউন্টগুলো স্কাইপে একীভূত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।মূলত কথা বলা ও দেখার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপকে অধিগ্রহণ করার পর থেকেই এমন কিছু হবে বলে গুঞ্জন ওঠে। অবশেষে নিজেদের সিদ্ধান্ত জানাল মাইক্রোসফট। ১৯৯৯ সালে চালু হওয়া মাইক্রোসফটের মেসেঞ্জারটি এমএসএন মেসেঞ্জার নামে পরিচিত ছিল। ২০০৯ সালের তথ্য অনুযায়ী এমএসএন মেসেঞ্জারের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩৩ কোটি। —বিবিসি