বন্ধ হলো ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইট
সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে স্থবির ও অকার্যকর থাকার পর ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov) ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের বিভিন্ন তথ্য তুলে ধরার জন্যই ২০১০ সালে এই সাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ব্যবস্থাপনায় ছিল ইউএনডিপির অর্থায়নে পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।
সাইটের এমন অবস্থা নিয়ে ২০ সেপ্টেম্বর প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন পাতায় সংবাদ প্রকাশিত হয়। ২৪ সেপ্টেম্বর থেকে সাইটটি আর ইন্টারনেটে দেখা যাচ্ছে না। এ ব্যাপারে এটুআইয়ের যোগাযোগ কর্মকর্তা হাসান বেনাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভুল ঠিকানার ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের তথ্যপ্রযুক্তিভিত্তিক সব সেবা ও কর্মকাণ্ডের তথ্য জাতীয় তথ্য বাতায়নে (www.bangladesh.gov.bd) পাওয়া যাবে। —নিজস্ব প্রতিবেদক