অ্যামাজন তাদের ক্লাউডভিত্তিক অসীম (আনলিমিটেড) ফাইল রাখার সুবিধা গতকাল বৃহস্পতিবার থেকে বন্ধ করে দিয়েছে। তবে ‘প্রাইম’ গ্রাহকেরা এই ক্লাউড স্টোর ব্যবহার করতে পারবেন।
মূলত অ্যামাজনের ক্লাউড স্টোর ব্যবহারকারীদের নির্দিষ্ট পরিমাণ স্টোর ব্যবহার করতে হবে অসীম সুবিধার বদলে। অ্যামাজন ড্রাইভ ব্যবহার করতে হলে ১০০ গিগাবাইট জায়গার জন্য প্রতিবছরে ১১.৯৯ ডলার করে ফি দিতে হবে। ৫৯.৯৯ ডলারের বিনিময়ে ১ টেরাবাইট জায়গা ব্যবহার করা যাবে, যা ৩০ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে আরও ৫৯.৯৯ ডলার দিয়ে। যেখানে আগে ১১.৯৯ ডলার দিয়ে ছবির জন্য এক বছর এবং সবকিছুর জন্য অসীম জায়গা ব্যবহারে ৫৯.৯৯ ডলার দিতে হতো। ২০১৫ সালের মার্চে অ্যামাজন তাদের আনলিমিটেড স্টোর নিয়ে আসে। গত দুই বছরে এই ক্লাউড স্টোর বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর এমন অবস্থায় এই সুবিধা বন্ধ করেছে অ্যামাজন। যেখানে গুগল এখন পর্যন্ত ছবির জন্য তাদের গুগল ফটোর স্টোরেজ অসীম রেখেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগের গ্রাহকেরা তাঁদের মেয়াদ পর্যন্ত আনলিমিটেড স্টোর ব্যবহার করার সুযোগ পাবেন। তবে মেয়াদ যখন শেষ হবে তখন তাঁদেরও নির্দিষ্ট পরিমাণের কোনো স্টোরের প্যাকেজ বেছে নিতে হবে। তবে অ্যামাজনের কোনো গ্রাহক যদি নতুন করে কোনো প্যাকেজ বেছে না নেন তাহলে মেয়াদ শেষের পর তিনি আর কোনো কিছু আপলোড করতে পারবেন না। শুধু তাঁর জমা রাখা তথ্যপ্রমাণাদি দেখতে পারবেন। আর তা নামাতে এবং মুছে দিতে পারবেন। তবে মেয়াদ শেষের ১৮০ দিন পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
সূত্র: বিজনেস ইনসাইডার