সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের নানা সুবিধার মধ্যে একটি ছিল ই-মেইল সেবা। ব্যবহারকারীদের সব ধরনের সেবায় যুক্ত ২০১০ সালে ই-মেইল ব্যবহারের সুযোগ দিয়েছিল ফেসবুক। তবে সম্প্রতি এ সেবাটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের ইউজার নামের পরে @facebook.com ঠিকানা ব্যবহার করে একে অপরকে ই-মেইল করতে পারতেন। তবে ফেসবুকের ই-মেইল সেবাটি তেমন জনপ্রিয়তা পায়নি। তাই এ সেবাটি বন্ধের ঘোষণা দেওয়া হলো। ইতিমধ্যে সব ব্যবহারকারীকে একটি নোটিশের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়ার কাজও শুরু হয়ে গেছে।
জানা গেছে, এখন ব্যবহারকারীদের @facebook.com ঠিকানায় পাঠানো ই-মেইলগুলো ব্যবহারকারীর ফেসবুকে যুক্ত থাকা প্রাথমিক ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। যার ফলে চাইলে ফেসবুকের ই-মেইল ঠিকানায় কেউ মেইল পাঠালে তা মূল ই-মেইল ইনবক্সেই পড়তে পারবেন ব্যবহারকারীরা। তবে সে মেইলগুলো ব্যবহারকারী চান কি না, সেটি নিজেই ঠিক করে নিতে পারবেন।
ফেসবুকের মেসেজ বক্সে একই সঙ্গে এসএমএস, ই-মেইল একসঙ্গে যাতে ফেসবুকের ব্যবহারকারীরা পেতে পারেন, সে জন্য এ সুবিধা চালু করা হয়েছিল। তবে সাধারণ ই-মেইল সেবায় থাকা মেইলের বিষয়, সিসি বা বিসিসি দেওয়ার সুবিধা না থাকা, ফেসবুকের বাইরে অন্য কাউকে ই-মেইল করতে না পারার বিষয়গুলো থাকায় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয় ফেসবুক। অবশেষে তাই নিজেরাই সেবাটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।—বিবিসি অবলম্বনে কাজী আলম