বন্ধ হয়ে যাচ্ছে সনির মিনি ডিস্ক ওয়াকম্যান
কোমরের বেল্টে ছোট্ট ক্যাসেট প্লেয়ার, কানে এয়ারফোন—ওয়াকম্যান একটা সময় ছিল তুমুল জনপ্রিয়। সেই ক্যাসেটের ওয়াকম্যান তৈরি বেশ আগেই বন্ধ করে দিয়েছে জাপানের সনি করপোরেশন। এবার মিনি ডিস্কের ওয়াকম্যান উৎপাদনও বন্ধ হয়ে যাচ্ছে। জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকেই সনি মিনি ডিস্ক ওয়াকম্যান তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, প্রথম ক্যাসেট ওয়াকম্যান বাজারে আনার প্রায় এক দশক পর সনি ১৯৯২ সালে মিনি ডিস্ক ওয়াকম্যান বাজারে ছেড়েছিল। বহনযোগ্য সিডি প্লেয়ারের তুলনায় ছোট আকারের এই যন্ত্রটি ক্যাসেট ওয়াকম্যানের চেয়ে অনেক বেশি আধুনিক ছিল। এতেও ছিল কথা ধারণ করার এবং ডিজিটাল গান শোনার সুবিধা। এই মিনি ডিস্ক ওয়াকম্যানের উৎপাদন বন্ধ করে দেওয়া প্রসঙ্গে সনি কর্তৃপক্ষ বলেছে, এখন মোবাইল ফোন, আইপডসহ অন্যান্য যন্ত্র মিউজিক প্লেয়ারের স্থান দখল করে নিয়েছে। এতে চাহিদা কমে যাওয়ার কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হচ্ছে। কর্তৃপক্ষ আরও বলছে, জাপানে সনি ওয়াকম্যানের জনপ্রিয়তা থাকলেও অন্যান্য দেশে এর জনপ্রিয়তা দিন দিন কমতে শুরু করেছে। তবে আশার কথা হচ্ছে, তারা ওয়াকম্যান ছেড়ে দিলেও পোর্টেবল সিডি প্লেয়ার তৈরি বন্ধের সিদ্ধান্ত বা ঘোষণা এখনই দিচ্ছে না। —টেলিগ্রাফ অনলাইন অবলম্বনে প্রদীপ সাহা