রোবট বন্ধু নাকি শত্রু—এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। রোবট একদিকে যেমন মানুষের জীবনকে সহজ করে তুলছে, তেমনি ভবিষ্যতে মানুষের আয়ের পথ কেড়ে নিতে পারে, এমন আশঙ্কার কথা বলছেন অনেকে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট নিয়ে আশঙ্কার কথাও শুনিয়েছেন গবেষকেরা। কিন্তু ছয় দশকের বেশি সময় ধরে মানুষের কাজকে সহজ করে তোলা রোবট নতুন সম্ভাবনার পথ দেখিয়েছে করোনা মহামারির সময়ে। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট–এর এক প্রতিবেদনে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে।
রোবট মূলত মানুষের ইচ্ছেমতো কাজ করে থাকে। প্রোগ্রাম করে রাখা রোবট দিয়ে কারখানায় পণ্য সংযোজনের কাজ করা হয়। এ ধরনের রোবটগুলো এমনভাবে রাখা হয়, যাতে মানুষ এগুলোর কাছে খুব বেশি যেতে না পারে। কারণ, কাজের পথে বাধা তৈরি হলে রোবটগুলো প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে পারে না। ফলে বিপদের আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের মতে, রোবট এখন আগের চেয়ে অনেক বেশি দক্ষ এবং স্বয়ংক্রিয় হয়ে উঠেছে। একাধিক রোবট মানুষের সঙ্গে কাজ করার সক্ষমতাও অর্জন করেছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিকসের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন কারখানায় ৩০ লাখের বেশি রোবট ব্যবহার করা হচ্ছে। এর বাইরে আরও লাখ লাখ রোবট বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল বহন, ঘর বা বাগান পরিষ্কারের পাশাপাশি জটিল অস্ত্রোপচারেও চিকিৎসকদের সহায়তা করছে। কিছু কিছু রোবট এখন স্থলপথে ও আকাশপথে মালামাল পরিবহনের কাজেও ব্যবহার করা হচ্ছে।
আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের এক সভায় রোবোটিকস বিশেষজ্ঞদের একটি প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, দুটি কারণে অটোমেশন বা স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা দ্রুত চালু করা যেতে পারে। প্রথম কারণটি হচ্ছে, করোনা মহামারির সময় সৃষ্ট সামাজিক পরিবর্তন। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিবর্তন টেকসই হবে। করোনা মহামারির সময় বেশির ভাগ প্রতিষ্ঠানই কর্মীদের বাসা থেকে অনলাইনে কাজের সুযোগ দিয়েছে। অনেক কর্মী আবার স্বেচ্ছায় প্রচলিত চাকরি ছেড়ে উন্মুক্ত পেশা বেছে নিয়েছেন। বাসায় বসে কাজের সুবিধা বিবেচনায় অনেকে আর নিজ কর্মস্থলে ফেরেননি। বেছে নিয়েছেন নিজের পছন্দের কাজ। মানুষের জীবনধারায় এ পরিবর্তনের ফলে সাপ্লাই চেইন ব্যবস্থা, ই-কমার্সের মতো ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে ওয়্যারহাউস, পণ্য ব্যবস্থাপনার মতো কাজে। কর্মীরা কাজে না ফেরায় অনেক প্রতিষ্ঠানেই কর্মী সংকট দেখা দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানগুলোকে রোবটের সহায়তা নিতে হচ্ছে।
অটোমেশন বেড়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে রোবটের ক্রমবর্ধমান উন্নতি। এত দিন গুদামে পণ্য স্থানান্তরের কাজে যেসব রোবট ব্যবহার করা হতো, সেগুলো এখন পণ্য বাছাই, প্যাকেট করার মতো কাজও করছে। এ জন্য রোবটে যুক্ত করা হচ্ছে উন্নত সেন্সর এবং মেশিন লার্নিং প্রযুক্তি। এতে রোবট হয়ে উঠছে একধরনের কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র। তারা মানুষের পাশাপাশি কারখানার ভারী কাজ করা শুরু করেছে।
রোবটের ব্যবহার কেবল পণ্য উৎপাদন, সরবরাহ কাজেই সীমাবদ্ধ থাকছে না। রোবট কাজ করছে হাসপাতালে। বয়স্কদের যত্ন নেওয়ার জন্য রোবটকে সঙ্গী হিসেবে দেওয়া হচ্ছে। কোভিড-পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতে রোবটের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে। চিকিৎসকের সঙ্গে দূরে থেকে যোগাযোগ, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে টেলিমেডিসিনের ক্ষেত্রেও সহযোগী বন্ধুর ভূমিকা রাখছে রোবট।
তবে রোবটকে আরও অনেক দূর যেতে হবে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কনটেক্সচুয়াল রোবোটিকস ইনস্টিটিউটের পরিচালক হেনরিক ক্রিস্টেনসেন বলেন, রোবটের ব্যবহার এখনো উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছায়নি। দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশে প্রতি দশজন কর্মীর ক্ষেত্রে গড়ে মাত্র একটি রোবট ব্যবহার করা হচ্ছে। গাড়ি তৈরির কাজে রোবটের ব্যবহার বেশি হলেও সম্পূর্ণ অটোমেশনের বিষয়টি এখনো অধরা।
তবে রোবটের উত্থান নিয়ে অনেকেই ভীত। কারণ, রোবটের জন্য চাকরি না হারাতে হয়। রোবট সব কাজ করলে মানুষ জীবিকা নির্বাহ করবে কীভাবে? ক্রিস্টেনসেন বলেন, রোবট যে ধরনের কাজগুলো করে তা মূলত বিরক্তিকর, একঘেয়েমি এবং কঠিন কাজ। করোনা–পরবর্তী সময়ে এ ধরনের কাজের জন্য কর্মী পাওয়া বেশ কঠিন হয়ে গেছে। অনেক শিল্পে রোবট নিয়োগ দিয়ে তা পূরণ করা হচ্ছে। রোবট কাজ কেড়ে নেওয়ার বদলে ব্যবসাকে আরও সহজ করবে।
ক্রিস্টেনসেন বলেছেন, এক দশক ধরে কারখানার রোবটের সংখ্যা বৃদ্ধি পেলেও আমেরিকায় উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, রোবট চাকরি কেড়ে নিতে পারেনি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রোবট চাকরি কেড়ে নেবে বলে আশঙ্কা করেন অনেকেই। তবে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের রিহ্যাবিলেশন রোবোটিকস ল্যাবের পরিচালক মাইকেল জনসন মনে করেন, স্ট্রোক রোগীর দীর্ঘ সময় থেরাপির প্রয়োজন হয়। স্বাস্থ্যকর্মীর স্বল্পতায় রোবটকে বিকল্প হিসেবে কাজে লাগানো সম্ভব। কিছু পরিস্থিতিতে ফিজিওথেরাপিস্টের চেয়েও ভালো কাজ করে রোবট। কারণ রোবটের কোনো ক্লান্তি নেই। একই কাজ পুনরাবৃত্তি করতে বিরক্ত হয় না। একটি রোবট একাধিক রোগীর দেখাশোনা করতে পারে। তবে এ কাজের জন্য রোবটকে বিশেষ প্রশিক্ষণ দিতে হয়।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ইন্টারঅ্যাকটিভ রোবোটিকস গ্রুপের নেতৃত্বে থাকা জুলি শাহ বলেন, পুরোপুরি নির্ভরযোগ্য রোবট পেতে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। রোবট প্রোগ্রাম করা কাজের বাইরে আর কিছুই করতে পারে না। রোবটকে আরও পারদর্শী করে তুলতে তিনি এবং তাঁর সহকর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যার সাহায্যে রোবটকে বিভিন্ন কাজের উপযোগী করতে প্রশিক্ষণ দেওয়া যাবে।
রোবট যে মানুষের সক্ষমতা আরও বাড়িয়ে দেবে, সে বিষয়ে বিশেষজ্ঞরা একমত। তবে তাঁদের উদ্বেগের জায়গা হলো এর নিয়ন্ত্রণ প্রযুক্তি নিয়ে। তাঁরা মনে করেন, যন্ত্র এবং মানুষ কীভাবে একসঙ্গে কাজ করবে, তা নির্ধারণ করতে রোবট বিশেষজ্ঞ ও নিয়ন্ত্রকদের আরও আলোচনা করতে হবে।
সূত্র: ইকোনমিস্ট ও এএফপি