বন্ধুদের জন্য
আমার এক বন্ধু, মাসুদ। আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আবৃত্তি সংগঠনের সক্রিয় কর্মী ছিলাম। দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের সক্রিয় কর্মকাণ্ড অব্যাহত ছিল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করতাম। আবৃত্তির বাইরেও আমাদের একটি গণসংগীতের দল ছিল। মনে পড়ে, দেশে একবার ভয়াবহ বন্যার সময়, আমাদের গণসংগীত দল হারমোনিয়াম নিয়ে রাস্তায় নেমে গান গেয়ে দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করি। সেই টাকায় ত্রাণসামগ্রী কিনে পাঠিয়ে দিই দুর্গত এলাকায়। এই সংগঠনের বন্ধু মাসুদ অবাক হয়ে জানতে চায়, ১২০টি জায়গায় ইন্টারনেট উৎসব—এগুলো সফল হচ্ছে কীভাবে? মাঝেমধ্যে আমারও বিষয়টি বিস্ময়কর মনে হয়। আমরা যা চাচ্ছি, যেভাবে চাচ্ছি, ঠিক সেভাবেই কাজটি সম্পন্ন হচ্ছে—এর একমাত্র সফলতার চাবিকাঠি হলো প্রথম আলো বন্ধুসভা। সারা দেশে বন্ধুসভার সদস্যরাই আমাদের যেকোনো কঠিন কর্মসূচি সফল করে তোলে। গণিত অলিম্পিয়াড বলি, আর ভাষা প্রতিযোগই বলি—সবকিছুর পেছনে থাকে বন্ধুসভার স্মার্ট তরুণেরা। যেকোনো শক্ত কাজই তারা সফল করতে পারে।১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। এটি চলবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। এ কাজের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে প্রায় চার হাজার বন্ধু। পাশাপাশি সারা দেশে ছুটে বেড়াচ্ছে বিশেষ টিমের ৩০ জন বন্ধু। ছয়টি মাইক্রোবাসে করে তারা ছুটে যাচ্ছে স্থানীয় বন্ধুসভাগুলোয়। ঢাকায় প্রথম আলো বন্ধুকক্ষে রাত-দিন কাজ করছে বন্ধুসভার আরও একটি দল। সারা দেশে বন্ধুসভার সঙ্গে কাজ করছেন নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি বন্ধুরা। এ এক এলাহি কর্মযজ্ঞ। বন্ধু মাসুদকে এসব বলতে হয়। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি মনে মনে বলি, জয়তু বন্ধুসভা, সব সাফল্যের পেছনে বন্ধুসভার বন্ধুরা।