বন্ধুর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুর জন্য লেখা যুক্তরাষ্ট্রের খুদে লেখক ডিলান সিজেলের বইটির নাম চকলেট বার
বন্ধুর জন্য লেখা যুক্তরাষ্ট্রের খুদে লেখক ডিলান সিজেলের বইটির নাম চকলেট বার

আপনার সবচেয়ে কাছের বন্ধুটি যদি গুরুতর রোগে আক্রান্ত হয়, যদি তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন পড়ে অনেক টাকার; কী করবেন? নিশ্চয়ই সাহায্য করবেন আপনি আপনার সাধ্যমতো। আপনি যদি গায়ক হন, গান গেয়ে টাকা তুলতে পারেন। শিল্পী হলে ছবি এঁকে। আর লেখক হলে বই লিখে। ডিলান সিজেলও বই লিখেছে বন্ধুর জন্য। আর সেই বই বিক্রি করে তুলেছে বেশ ভালো অঙ্কের টাকা। এমন হয়তো আরও অনেক নজির পাওয়া যাবে। তবে যদি জানেন, লেখক ডিলানের বয়স মাত্র সাত বছর, আর এই বয়সেই সে আস্ত একটা বই লিখে টাকা জোগাড় করেছে বন্ধু জোনাহর জন্য; একই সঙ্গে বিস্ময় আর ভালো লাগায় আচ্ছন্ন হতে বাধ্য আপনি।
যুক্তরাষ্ট্রের খুদে লেখক ডিলানের বইটির নাম চকলেট বার। এরই মধ্যে এই বইটির সাহায্যে এসেছে চার লাখ ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন কোটি ১১ লাখ টাকারও বেশি। এ বয়সে বন্ধুর জন্য ব্যতিক্রমী এই কাজ করায় ডিলান আর তার বন্ধু দুজনকেই গ্লোবাল জিনস প্রোজেক্ট দিয়েছে রেয়ার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড। বিরল রোগ নিয়ে কাজ করা এই সংগঠনটির এই পুরস্কার বড়রাই পেয়ে এসেছেন এত দিন।
জোনাহ বিরল এক রোগে আক্রান্ত। গ্লাইকোজেন নামের সেই রোগটির কারণে তার যকৃৎ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসছে তার। খুব সাধারণ পেটের পীড়ার কারণেও হাসপাতালে ভর্তি করাতে হতে পারে তাকে। এমনকি এই সাধারণ অসুখের পরিণতিও হতে পারে তার মৃত্যু! প্রতি ১০ লাখ মানুষের মধ্যে মাত্র একজনের হয়ে থাকে এই অসুখ। পুরো যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৫০ জনের মতো মানুষের আছে এই রোগ।
এত সব ব্যাপার স্যাপার ডিলান অবশ্য বোঝেনি। শুধু এতটুকু বুঝেছে, জোনাহর খুব বড় একটা অসুখ ধরা পড়েছে। চিকিৎসার জন্য লাগবে বিপুল অঙ্কের টাকা। প্রথম সে যখন তার বাবা-মাকে গিয়ে জানায় বন্ধুর জন্য কিছু একটা করতে চায়, মা ভেবেছিলেন ঘরে পিঠা বানিয়ে দেবেন। সেই পিঠা পাড়া-পড়শিদের মধ্যে বিক্রি করবে ডিলান। কিন্তু খুদে এই বালক করতে চেয়েছে আরও বড় কিছু। ডিলানের বাবা ডেভিড সিজেল এবিসি নিউজকে বলেছেন, ‘ওর ভাবখানা ছিল এমন, আমাকে তোমাদের সাহায্য করার দরকার নেই। আমি অনেক বড় কিছু করব।’
২৪ ঘণ্টার মধ্যেই সে লিখে ফেলে একটা বই। বইটা শুরু হয়েছে এভাবে: ‘ডিজনিল্যান্ড একটা চকলেট বারের মতো।’ আর শেষটা হয়েছে: ‘আমি আমার বন্ধুদের সাহায্য করতে চাই। এটাই আমার কাছে সবচেয়ে বড় চকলেট বার।’
বইটা ২০০ কপি ছাপা হয়েছিল। স্কুলে একটা অনুষ্ঠান করে সেই বই বিক্রি করা হয়েছে। তখন উঠেছিল ছয় হাজার ডলার। এরপর ছাপা হয়েছে আরও অনেক কপি। বইটার থিম ধরে বানানো হয়েছে টি-শার্ট, ছোট্ট ব্যাগ, মোবাইল ফোনের কেস। এভাবে ১০ লাখ ডলার আয় করার লক্ষ্য ডিলানের।
অবাক করা বিষয় হলো, এই খুদে বালকের মাধ্যমে আয় করা টাকায় চলছে এই রোগ নিয়ে গবেষণা। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বিরল এই রোগটি নিয়ে গবেষণা করেন ড. ডেভিড উইনস্টেইন। জোনাহর চিকিৎসাও করেছেন তিনি।
ছেলের সাফল্যে বিস্মিত নন ডিলানের বাবা ডেভিড। তিনি বলছেন, ‘আমাদের মতোই শিশুরাও এই পৃথিবীটাকে পাল্টে দিতে পারে।’

রাজীব হাসান, এবিসি নিউজ অবলম্বনে