বন্ধুর রকমফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন চলার পথ কখনো বন্ধুর, কখনো মসৃণ। তবে পথ যে রকমই হোক, বন্ধু থাকে জীবনের প্রতিটা বাঁকে। তারা হয় নানান বৈশিষ্ট্যের অধিকারী। বৈশিষ্ট্য অনুযায়ী তেমনই কিছু বন্ধুর পরিচয় জেনে নিন।

.
.

দোস্ত, আর মাত্র পাঁচ মিনিট
আমাদের সবারই এক রকমের বন্ধু আছে, যাদের নাম আমাদের বন্ধুমহলে ‘দোস্ত, আর মাত্র পাঁচ মিনিট!’ এদের যখনই কোথাও আসতে বলা হয়, তাদের ভাষ্য হয়, ‘দোস্ত, আর মাত্র পাঁচ মিনিট লাগবে।’ বেশির ভাগ সময়ই দেখা যায় তাদের পাঁচ মিনিট মানে পাক্কা এক ঘণ্টা, কখনো কখনো সেটা বেশিও হতে পারে। গুলিস্তান থেকে মতিঝিল আসতে বললে এদের পাঁচ মিনিট লাগে। আবার গুলিস্তান থেকে সাভার আসতে বললেও তাদের উত্তর হবে, ‘দোস্ত, আর মাত্র পাঁচ মিনিট।’

.
.

ও, রিলেশনে প্রবলেম?
এ প্রজাতির বন্ধু সব মহলে লাভগুরু হিসেবে পরিচিত। আপনি প্রেম-সংক্রান্ত কোনো জটিলতায় পড়লেই এরা এমন একটা ভাব করবে, যেন এসব কোনো ব্যাপারই নয়! মুখে প্রয়োজনীয় গাম্ভীর্য এনে বলবে, ‘ও, রিলেশনে প্রবলেম?’ এরপর এরা আপনাকে যেচে যেচে পরামর্শ দিতে শুরু করবে। কিন্তু বেশির ভাগ সময় দেখা যায় এরা নিজেরা কখনো প্রেম করে না। অথবা এরা নিজেরা প্রেমে চূড়ান্ত ব্যর্থ!

.
.

পকেটে টাকা নাই
এরা আরেক প্রজাতির বন্ধু, যাদের পকেটে কখনোই টাকা থাকে না। আপনি যখন এদের সঙ্গে কোথাও খেতে যাবেন, খাওয়ার পর শুনতে হবে, ‘দোস্ত, পকেটে টাকা নাই! বিলটা দিয়ে দে!’ এমনকি মাঝেমধ্যে নিজে থেকে ডেকে খাওয়াবে, কিন্তু বিল দেওয়ার সময় মানিব্যাগ বের করে জিব কেটে বলবে, ‘সর্বনাশ, টাকা ফেলে আসছি! দোস্ত, বিলটা দিয়ে দে।’

.
.

দোস্ত, বিশ্বাস কর, কিচ্ছু পড়ি নাই
এক প্রজাতির বন্ধু থাকে, যারা খুব পড়ুয়া। তারা পড়ুয়া, সেটা সমস্যা নয়; কিন্তু তাদের যখনই আপনি জিজ্ঞেস করবেন, ‘দোস্ত, কী কী পড়লি?’ তাদের উত্তর হবে, ‘দোস্ত, বিশ্বাস কর, কিচ্ছু পড়ি নাই!’ পরীক্ষার এক সপ্তাহ আগে কিংবা পরীক্ষার হলে ঢোকার আগে তাদের যখনই জিজ্ঞেস করেন না কেন, একই উত্তর পাবেন। মজার ব্যাপার হলো, রেজাল্টের আগ পর্যন্ত এরা একই কথা বলে গেলেও রেজাল্টের দিন দেখা যায় উল্টো চিত্র; এদের রেজাল্ট হয় বাঁধাই করে রাখার মতো!

.
.

দোস্ত, ওই কথাটা বলব?
এক প্রকার বন্ধু থাকে, যারা সবকিছুতেই মজা নেয়! তাদের মজা নেওয়ার জন্য কোনো বিশেষ উপকরণের প্রয়োজন হয় না। আপনার জীবনের দুর্বলতা কিংবা গোপন সব তথ্যের হাঁড়ি ভরা হাটে ভাঙাই এদের প্রধান কাজ। আপনার সব ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ও এদের রাডারে ধরা পড়বে। সেসব তথ্যই এরা সবার সামনে উন্মোচন করবে সময় ও সুযোগ বুঝে। এবং আপনার তথ্যের বেলুন ফুটো করার আগে অর্থপূর্ণ হাসি হেসে বলবে, ‘দোস্ত, ওই কথাটা বলব?’ আপনি যতই ‘না না’ করেন, কাজ হবে না। তবে আপনি যখন এদের ব্যাপারে কিছু বলতে যাবেন, তখনই এরা তেলেবেগুনে জ্বলে উঠবে!

.
.

এভাবেই পাশে থাকিস তোরা
এ রকম বন্ধুরা অল্প কিছুতেই আবেগাক্রান্ত হয়ে যায়। দেখবেন, সবাই মিলে কোথাও ঘুরতে গেছেন, খুব মজা হচ্ছে, এমন সময় সে বলে উঠবে, ‘আমাদের আর এমন করে ঘুরতে আসা হবে কি না, কে জানে! এভাবেই পাশে থাকিস তোরা।’ মজার কথা হচ্ছে, তাদের এমন আবেগী কথাবার্তা শুনে সবাই আবেগাক্রান্ত হওয়ার চেয়ে হাস্য কিংবা ক্রোধাক্রান্ত হয়ে পড়ে বেশির ভাগ সময়।

.
.

দোস্ত, কিছু টাকা ধার দে
এদের পকেটে কখনোই টাকা থাকে না। আপনার সঙ্গে যখনই এদের দেখা হবে, তখন কেবল একটা কথাই বারবার শুনতে পাবেন; সেটা হলো, ‘দোস্ত, কিছু টাকা ধার দে।’ বলাই বাহুল্য, এদের টাকা ধার দেওয়ার পর কবে ফেরত পাবেন, তার তেমন কোনো ঠিকঠিকানা নেই।