ববসের অনলাইন ভোট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান বেতার সংস্থা ডয়চে ভেলের বার্ষিক আয়োজন দ্য বেস্ট অব ব্লগসের (ববস) অনলাইন ভোটগ্রহণ শুরু হয়েছে। চলতি বছর বাংলাসহ ১৪টি ভাষায় তিন হাজারের বেশি ব্লগের মনোনয়ন জমা পড়েছে। এর মধ্য থেকে বিচারকমণ্ডলী ১৫৪ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী বাছাই করেছেন। বাংলাসহ অন্যান্য ভাষার প্রতিযোগীদের অনলাইনে ভোট দেওয়া যাবে www.thebobs.com/bengali ঠিকানার ওয়েবসাইটে। ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দ্য ববসের দশম আয়োজনে ছয়টি আন্তর্জাতিক বিভাগে ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে বাংলা ভাষার ছয়জন প্রতিযোগী। এগুলো হচ্ছে বেস্ট ব্লগ বিভাগে মুক্তমনা ব্লগ, সেরা উদ্ভাবনে বাংলা ব্রেইল প্রকল্প, সেরা সোস্যাল অ্যাকটিভিজমে গণজাগরণ মঞ্চ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে রাসেল পারভেজের ব্লগ, গ্লোবাল মিডিয়া ফোরামে উইমেন চ্যাপ্টার এবং সবচেয়ে সৃজনশীল এবং মৌলিক বিভাগে রয়েছে সার্চ ইঞ্জিন পিপীলিকা। এ ছাড়া ‘পিপলস চয়েস বাংলা’ বিভাগে রয়েছে পাঁচটি বাংলা অনলাইন উদ্যোগ।
ডয়চে ভেলের কর্মসূচি পরিচালক গেয়ার্ড ম্যায়ার এই আয়োজন প্রসঙ্গে বলেন, ‘বাকস্বাধীনতার চর্চা বাড়াতে এবং সমাজে স্বচ্ছতা আনতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ অনলাইনে উদ্যোগ নিচ্ছেন। কিন্তু ইন্টারনেটের দিকে নজর রাখা হচ্ছে, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে আর এই ব্যাপারটি চলতি প্রতিযোগিতায় জমা পড়া বিভিন্ন মনোনয়নে ফুটে উঠেছে।’
আগামী ৭ মে পর্যন্ত পাওয়া ভোটের ভিত্তিতে নির্ধারণ করা হবে পিপলস চয়েস পুরস্কার বিজয়ীদের। এ ছাড়া বিচারকেরা মে মাসের শুরুতে বার্লিনে এক সম্মেলনে অংশ নিয়ে ছয়টি আন্তর্জাতিক বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারণ করবেন। ৭ মে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
—নিজস্ব প্রতিবেদক