বব্স জুরি পুরস্কার নিলেন বন্যা আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি ববস পুরস্কার নিচ্ছেন বন্যা আহমেদ (বাঁয়ে) l ছবি: ডয়চে ভেলে
দি ববস পুরস্কার নিচ্ছেন বন্যা আহমেদ (বাঁয়ে) l ছবি: ডয়চে ভেলে

জার্মান বেতার সংস্থা ডয়চে ভেলের দ্য বব্স জুরি পুরস্কার গ্রহণ করেছেন মুক্তমনা ব্লগের বন্যা আহমেদ৷ ঢাকায় ফেব্রুয়ারিতে নিহত ব্লগার অভিজিৎ রায় এবং তাঁর কাজের স্বীকৃতি হিসেবে মুক্তমনা ব্লগকে এবার এই পুরস্কার দেওয়া করা হয়৷ গতকাল বুধবার ডয়চে ভেলে থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
বাংলাদেশে বাক্স্বাধীনতা নিশ্চিত করা এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নিরলস কাজ করে যাচ্ছে মুক্তমনা ব্লগ৷ গত ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে৷
একুশে বইমেলায় নিজের বই প্রকাশ উপলক্ষে সে সময় যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক ঢাকায় গিয়েছিলেন তিনি৷ হামলায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী এবং সহব্লগার বন্যা আহমেদ৷
চলতি বছর ডয়চে ভেলের ‘দ্য বব্স-বেস্ট অব অনলাইন অ্যাকটিভিজম’–এর ‘সামাজিক পরিবর্তন’ বিভাগে জুরি পুরস্কার পেয়েছে মুক্তমনা ব্লগ। মঙ্গলবার রাতে জার্মানির বনে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুক্তমনা ব্লগের বন্যা আহমেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ হামলার শিকার হওয়ার পর এই প্রথম তিনি কোনো সম্মেলনে অংশ নিলেন।
পুরস্কার গ্রহণের পর বন্যা বলেন, মুক্তমনার যেকোনো অর্জন বা প্রাপ্তি অভিজিতের কাছে ছিল দুনিয়া পাওয়ার মতো ব্যাপার৷ এই পুরস্কার মুক্তমনার সঞ্চালক দল, ব্লগার এবং পুরো কমিউনিটিকে তাদের সংগ্রাম চালিয়ে যেতে সহায়তা করবে৷
এর আগে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বন্যা জানান, ধর্মীয় মৌলবাদীরা তাঁর স্বামীকে হত্যা করেছে৷ বাংলাদেশ মুক্তমনা ব্লগারদের জন্য আর নিরাপদ নেই বলেও মনে করেন তিনি৷
চলতি বছর দ্য বব্স জুরি পুরস্কার বিজয়ী অন্য প্রকল্পগুলোকেও একই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়েছে। অন্য বিজয়ীরা হচ্ছে ‘জয়তুন, দ্য লিটেল রিফিউজ’ প্রকল্প, ইন্টারনেটে তথ্য সুরক্ষা এবং ব্যক্তিগত গোপনীয়তাবিষয়ক বুদ্ধি-পরামর্শ দেওয়া প্রকল্প ‘রেনকো ইলেকট্রোনিকো’৷ এ ছাড়া বাক্স্বাধীনতা পুরস্কার পেয়েছেন সৌদি আরবে কারাবন্দী ব্লগার রাইফ বাদাউয়ি৷
বন্যা আহমেদের হাতে পুরস্কার তুলে দেন ববসের বিচারকমণ্ডলীর সদস্য শহিদুল আলম।