বরিশাল ও রংপুরে হলো হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
হাইস্কুল পর্যায় থেকে কম্পিউটার প্রোগ্রামিং চর্চা শুরু করলে ভবিষ্যতে বিশ্বমানের কম্পিউটার প্রোগ্রামার তৈরি করা যাবে। জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার রংপুর ও বরিশাল আঞ্চলিক পর্বের অনুষ্ঠানে এ কথা বলেন অতিথি ও শিক্ষকেরা।
শনিবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রংপুর অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি শিক্ষার্থীদের বেশি করে জ্ঞানচর্চার আহ্বান জানান। রংপুর অঞ্চলে ৯০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
বরিশালে আঞ্চলিক প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মুহসিন উদ্দিনসহ অনেকে।
দুই জায়গাতেই ৩০ মিনিটের আইসিটি কুইজ ও দুই ঘণ্টার প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেন। রংপুরে পুরস্কার বিতরণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর উন নবী।
২৯ মে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক