বরিশালে আউটসোর্সিং সেমিনার এবং ওপেন সোর্স নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের প্রযুক্তি, আমাদের স্বাধীনতা’—এ ভাবনা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্স আউটসোর্সিং বিষয়ে এক মুক্ত সেমিনার। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বরিশালের প্রযুক্তি বিকাশে সমস্যা ও সম্ভাবনা, ফ্রিল্যান্স আউটসোর্সিং, মার্কেটপ্লেস, ইন্টারনেটে কাজের বিভিন্ন ধরন, মুক্ত দর্শন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবীর এবং প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম। সেমিনারে বক্তব্য দেন বিএম কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, বিআইআইটির অধ্যক্ষ জেবুননাহার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বরিশাল বিভাগীয় ইনচার্জ মো. গোলাম রাব্বানীসহ অনেকে। সেমিনারে বক্তারা বলেন, আউটসোর্সিং কাজের মাধ্যমে ঘরে বসেই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। পড়ালেখা শেষ করে বা পড়ালেখার পাশাপাশি যেকোনো পেশায় থেকে বা না থেকে স্বাধীনভাবে এ কাজ করা যায়। আউটসোর্সিংয়ে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, অ্যানিমেশন, ভিডিও সম্পাদনা, প্রোগ্রামিং—এমনকি ডেটা এন্ট্রি বা লেখালেখির মতো কাজও রয়েছে বলে সেমিনারে বক্তারা উল্লেখ করেন। সেমিনার শেষে বরিশাল ওপেন সোর্স নেটওয়ার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রয়েল সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমানকে আহ্বায়ক এবং গাইড আইটির পরিচালক সন্দীপন দাশকে সদস্যসচিব করে নয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়। —নিজস্ব প্রতিবেদক