বরিশালে কম্পিউটার মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধান, নদী ও খাল, বরিশাল হবে ডিজিটাল’ স্লোগান নিয়ে শুরু হয়েছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল-২০১২’ নামের কম্পিউটার মেলা। ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি—এ বিষয় সামনে রেখে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) বরিশাল শাখা পাঁচ দিনের এই মেলার আয়োজক। গতকাল সোমবার দুপুর ১২টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিএসের সভাপতি মো. ফয়েজউল্যাহ্ খান, সাবেক সভাপতি এস এম ইকবাল, বিসিএস বরিশাল শাখার সভাপতি আনোয়ার রহমান, মেলার কেন্দ্রীয় সমন্বয়ক মো. আবদুর রহমান, মেলার আহ্বায়ক শাহ্ বোরহান উদ্দিনসহ অনেকে বক্তব্য দেন।উদ্বোধনের পরপর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেলার প্রাঙ্গণ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় প্রবেশ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলা দেখতে পারবে।মেলায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫ ফেব্রুয়ারি বিতর্ক আর ১৬ ফেব্রুয়ারি হবে তথ্যপ্রযুক্তি সচেতনতা কর্মসূচি, বিতর্ক ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।মেলার ৩০টি স্টলে দেশি-বিদেশি ২৫টি প্রতিষ্ঠান তাদের কম্পিউটার হার্ডওয়্যার ও সফ্টওয়্যার পণ্যসামগ্রী, নেটওয়ার্ক ও টেলি যোগাযোগ সেবা ও পণ্যসামগ্রী, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষার উপকরণ, ল্যাপটপ, ট্যাবলয়েড, ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তি ও পণ্যগুলোর উন্নত এবং হালনাগাদ সংস্করণ প্রদর্শন করা হবে। —বরিশাল অফিস