বরিশালে শুরু হয়েছে কম্পিউটার মেলা
বরিশালে শুরু হয়েছে ১০ দিনব্যাপী কম্পিউটার মেলা। বরিশাল কম্পিউটার সমিতির উদ্যোগে ২৫টি কম্পিউটার প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে।গত শনিবার বরিশালের অশ্বিনী কুমার হলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। এরপর বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল কম্পিউটার সমিতির সভাপতি সুনীল বরণ সাহা, সহসভাপতি মনোয়ার রহমান হারুন, সহকারী সাধারণ সম্পাদক রইচউদ্দিন আতিক ও গ্লোবাল ব্র্যান্ড প্রা. লিমিটেডের পণ্য ব্যবস্থাপক আবু সালেহ উপস্থিত ছিলেন। বরিশাল কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফরিদ প্রথম আলোকে বলেন, বরিশালে কম্পিটারের ব্যবহার বাড়াতে স্বল্পমূল্যে কম্পিউটার তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়েই মেলা আয়োজন করা হয়েছে। মেলায় কম্পিউটার ও ল্যাপটপে ছাড় দেওয়া হচ্ছে। মেলায় ল্যাপটপে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রিন্টারসহ যেকোনো পণ্য কিনলে রয়েছে পুরস্কার। —বরিশাল অফিস