বরিশালে ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান
বরিশালে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করেছে জনতা ব্যাংক লিমিটেড বরিশাল বিভাগীয় কার্যালয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে কম্পিউটারগুলো হস্তান্তর করা হয়। কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরণ বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের অবশ্যই কম্পিউটার চালানো ও তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ হতে হবে। জনতা ব্যাংকের মতো অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠানেরও এ কাজে এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. গোলাম ফারুক, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, সাংসদ তালুকদার মো. ইউনুস, প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমানসহ অনেকে। কম্পিউটার প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হতে হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে হবে। আগামী প্রজন্ম হবে তথ্যপ্রযুক্তিভিত্তিক সুন্দর বাংলাদেশের নাগরিক। শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণে ব্যবস্থা নিতে প্রধান শিক্ষকসহ শিক্ষকমণ্ডলীর প্রতিও আহ্বান জানান বক্তারা। —বরিশাল অফিস