বর্ণচোরা রোবট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন দারুণ এক বর্ণচোরা রোবট। গিরগিটির মতোই ক্ষণে ক্ষণে নিজের শরীরের রং বদলায় সরীসৃপ আকৃতির এই রোবটটি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবেশের সঙ্গে মিলিয়ে নিজেই নিজের গায়ের রং বদলাতে পারে এটি। এ কাজে রোবটটি ব্যবহার করবে ‘প্লাজমোনিক’ প্রযুক্তির পর্দা। চীনের উহান বিশ্ববিদ্যালয়ের একদল প্রকৌশলী এটি তৈরি করেছেন। তাঁদের আশা, এই বর্ণচোরা রোবট লুকিয়ে থাকার প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মূলত, এটি একটি ত্রিমাত্রিক আকৃতির ছাপানো মডেল, যা ছোট ছোট অনেকগুলো পর্দা দিয়ে তৈরি। ন্যানোস্কেল আকৃতির কাঠামো এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে সমন্বয় ঘটিয়ে এতে বিভিন্ন রং ফুটিয়ে তোলা হয়। গবেষকেরা জানিয়েছেন, বায়োমেট্রিক প্রযুক্তিতে আলোর সেন্সর ব্যবহার করে রোবটটি আশপাশের মাধ্যমের রং বুঝতে পারে এবং তারপর সেই রঙে নিজেকে বদলে নেয় নিজে থেকেই।
বাস্তবে অবশ্য রোবটটি এখনই সম্পূর্ণ অদৃশ্য হতে পারছে না। কারণ, এখনো সব রং অনুকরণ করতে পারছে না। প্রাথমিক পর্যায়ে এটি কেবল লাল, নীল এবং সবুজ রঙের পটভূমিকে অনুকরণ করতে সক্ষম। গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে বর্ণচোরা রোবটটি শুধু তিনটি মূল বর্ণের ক্ষেত্রে কার্যকর হলেও আমাদের এই প্রযুক্তি জটিল পটভূমির ক্ষেত্রেও কাজ করতে সক্ষম। তবে আশপাশের মাধ্যম থেকে সব ধরনের বর্ণ চুরি করতে প্রযুক্তিটির আরও উন্নয়ন দরকার। এটি যদি সম্ভব হয়, তবে কল্পজগতের কাহিনির মতো বাস্তবেও সত্যিকার অর্থেই অদৃশ্য বস্তু তৈরি করা সম্ভব হবে!
তথ্যসূত্র: বিবিসি ও ওয়্যারড