বর্ণবৈষম্য ও এর প্রতিকারের নমুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

আপনি জানেন কি ‘বর্ণবৈষম্য’ শব্দটি প্রথম কোত্থেকে আসে? বিশ্বাস না করলেও সত্য যে বর্ণমালা থেকেই প্রথম বর্ণবৈষম্য ধারণাটি আসে। বর্ণে সিরিয়াল মানতে গিয়ে কিছু বর্ণ আগে, কিছু বর্ণ পরে আসে। বর্ণমালার এই বৈষম্যই বর্ণবৈষম্য। আসুন দেখি, বর্ণবৈষম্যের বিস্তারিত।

লেখা: কাসাফাদ্দৌজা নোমান আঁকা: জুনায়েদ

বাংলা বর্ণমালাকে প্রথমে ভেঙে দুই ভাগ করা হয়েছে—স্বর ও ব্যঞ্জনবর্ণ নামে। কী নিষ্ঠুরতা! স্বর-ব্যঞ্জনের ক্ষমতাশীল চেয়ারম্যান আ; যদিও বাচ্চাদের বাধ্যতামূলক অ দিয়ে পড়া শুরু করতে হয়। পরবর্তী সময়ে অ আ-কারের সঙ্গে সিন্ডিকেট করে আ হয়ে শোষণ শুরু করে। আ-এর দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একটি বর্ণমালা ‘ঐ’ বলে উচ্চারণ করতে হয়। ঐ বলতে আ-কে হুজুর, মহাশয় নির্দেশ করা হয়েছে। এখানেই শেষ নয়। আ-এর অত্যাচারে ‘উ’ নামক একটি বর্ণ ব্যথা-বেদনার প্রকাশ হিসেবেই পরিচিত। তারচেয়ে বেশি ব্যথা পেয়ে চিৎকার করে যাচ্ছে ‘ঔ’।

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

‘ক’ ব্যঞ্জনবর্ণের কিং, আর চন্দ্রবিন্দু ( ঁ) সমাজের একদম নীচু শ্রেণীর। ‘ক’-এর ক্ষমতা কাজে লাগিয়ে ‘খ’ মাস্তানি করে বেড়াচ্ছে সর্বত্র। কিছু বললেই খুন করার হুমকি দেয়। ব্যঞ্জন শ্রেণীর একদম নিচের দিকের বর্ণ ৎ, ং, ঁ বরাবরই ক্ষমতালোভীদের বিরুদ্ধে সোচ্চার। চন্দ্রবিন্দু ( ঁ) তার ফেসবুক স্ট্যাটাসে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লেখে, ‘আঁমাঁকেঁ কোঁনোঁ অঁধিঁকাঁরঁ দেঁওয়াঁ হঁয়ঁনিঁ। আঁমিঁ নিঁজেঁ কোঁনোঁ শঁব্দঁ উঁৎপাঁদঁনঁ কঁরঁতেঁ পাঁরিঁ নাঁ। আঁমাঁকেঁ পঁরঁজীঁবীঁ কঁরেঁ রাঁখাঁ হঁয়েঁছেঁ! স্ট্যাটাসটিতে ৎ, ং লাইক দিয়েছে। এ ছাড়া কমেন্টস করেছে, ‘এখানে আসুন, বর্ণহীন সমাজ গড়ি!’

চন্দ্রবিন্দুর বক্তব্যের প্রতিবাদ করে তার স্ট্যাটাসের নিচে ‘গ’ কমেন্টস করে, ‘তুই নীচু জাত, তুই চামার। তোকে সুযোগ দিলে মাথায় উঠে বসিস।’ মধ্যম শ্রেণীর ‘জ’-এর কমেন্ট, ‘জীবন তো চলে যাচ্ছে, কথা বলে আর কী হবে!’

‘য়’ এ বিষয়ে মন্তব্য করে, ‘য়ামি চাইলে আ-এর মতো করে শব্দ বানাতে পারি। তবে মানুষ পাত্তা দেয় না। কারণ, য়ামি উঁচু শ্রেণীর নীচু জাত। আপনার সঙ্গে আছি, ভাই!’

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

‘হ’ বলে, ‘হইছে অফ যা!’

‘ম’-এর পেছনে ঘুরঘুর করেও পাত্তা পায়নি বলে কিছু না বলে লগ আউট করে দিয়েছে ‘চ’।

সবচেয়ে কষ্টের ব্যাপার হলো ‘বর্ণবৈষম্য’ শব্দটিতে একদম নীচু শ্রেণীর কোনো বর্ণ নেই। হায় সেলুকাস!

তবে যতই উঁচু-নীচু জাতপাতের বিচার করুক না কেন, কাজের সময় কিন্তু কীভাবে যেন সব এক হয়ে যায়। সবচেয়ে বড় উদাহরণ ‘আমি তোমাকে ভালোবাসি’ বাক্যে। ভালোবাসার শক্তি আন্দাজ করে স্বর-ব্যঞ্জন একসঙ্গে মিলেমিশে বাক্যটিকে তৈরি করেছে! আহা কী দারুণ সম্প্রীতি!