বর্ণমালার রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবইয়ের ভুলভাল নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। রস‍+আলোর গত সংখ্যার প্রচ্ছদও ছিল বিষয়টি নিয়ে। আশার কথা হলো, এরই মধ্যে যথাযথ কর্তৃপক্ষ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। কিন্তু এই বিষয়টা নিয়েও যদি আমরা ‘কাদা ছোড়াছুড়ির রাজনীতি’ করতাম, তাহলে পরিস্থিতি কেমন হতো? ছোটবেলা থেকে পাঠ্যবইপড়ুয়া সোহেল রহমান কল্পনা করার চেষ্টা করেছেন

.
.

অ-তে অজগর
অজগরটি আসছে তেড়ে
এক পক্ষ
এই বাক্যটি দিয়ে কোমলমতি শিশুদের ভয় দেখানো হচ্ছে! ছোটবেলা থেকেই তার মনে ভীতি ঢুকিয়ে দেওয়ার পাঁয়তারা ছাড়া আর কিছুই নয় এটা। তা ছাড়া দেওয়া হচ্ছে ভুল শিক্ষা। শিশুরা ভাবছে, অজগর সাপ একটা হিংস্র প্রাণী, মানুষ দেখলেই এরা আক্রমণ করে। বাস্তবে অজগর মোটেও হিংস্র নয়। এরা অত্যন্ত নিরীহ প্রাণী এবং এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না। এ ছাড়া বাংলাদেশে যত্রতত্র অজগর কোথায়? এটা কি মিথ্যাচার নয়?
অন্য পক্ষ
বাহ্‌, কী অসাধারণ একটা বাক্য! ছোটবেলা থেকেই ভয়ের পরিস্থিতিতে অভ্যস্ত হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। শিশুদের মানসিকতা স্ট্রং হচ্ছে এতে। তারপর ভবিষ্যতে যখন মানুষরূপী অজগররা তাদের দিকে তেড়ে আসবে, তখন তারা সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে!

আ-তে আম

আমটি আমি খাব পেড়ে

এক পক্ষ

যাক, শিক্ষা মন্ত্রণালয় সত্যিই শিশুদের কথা ভাবে! আমরা তো জানিই, আমে ভিটামিন ‘এ’, মিনারেলসহ আরও কী কী যেন আছে। যা হোক, বর্তমানে এই উপকারী ফলের একমাত্র সমস্যা হচ্ছে এতে ফরমালিন থাকে, যা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। এ ক্ষেত্রে একমাত্র সমাধান সরাসরি গাছ থেকে আমটি পেড়ে খাওয়া। কী স্বাস্থ্যকর শিক্ষাব্যবস্থা!

অন্য পক্ষ

এই আমটা কার গাছের আম? দেশে কি সবার আমগাছ আছে? এটা কি চুরিকে উৎসাহিত করা নয়? আজকে একজনের গাছ থেকে আম পেড়ে খাবে, কালকে বড় হয়ে আমগাছসহ কেটে বিক্রি করে দেবে। তা ছাড়া এই ছোট শিশুরা যদি গাছ থেকে পড়ে গিয়ে হাত-পা ভাঙে তার দায় কে নেবে? জবাব চাই!

ই-তে ইলিশ

ইলিশ ভাজা খেতে মজা

এক পক্ষ

বর্তমান প্রজন্ম পিৎজা-বার্গার টাইপের বিদেশি খাবারের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়ছে। এ সময় বাঙালির ঐতিহ্য ইলিশ খেতে উৎসাহিত করা নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ!

অন্য পক্ষ

ইলিশ মাছে অনেকের অ্যালার্জি আছে। এভাবে লোভ দেখিয়ে শিশুদের ইলিশ খাওয়ার প্রতি উৎসাহিত করা কি ঠিক? পরে কারও শরীর খারাপ হলে তখন কী হবে?

ঈ-তে ঈগল

ঈগল হলো পাখির রাজা

এক পক্ষ

বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রাজা-বাদশার সিস্টেম কি আছে? এটা কি শিশুদের মানসিকভাবে ব্যাকডেটেড করে দিচ্ছে না? তা ছাড়া পাখিদের মধ্যে কি রাজা-প্রজার ভেদাভেদ সৃষ্টি করা ভালো হচ্ছে! এর মানে কি ঈগল রাজা আর দোয়েল, কোয়েল, ময়না এরা প্রজা? এটা পরিষ্কারভাবে পাখিদের মানবাধিকার লঙ্ঘনের শামিল।

অন্য পক্ষ

ঈগলকে রাজা বলার মাধ্যমে আসলে মানুষের পক্ষ থেকে সব পাখির প্রতি সম্মিলিত সম্মান প্রদর্শন করা হচ্ছে। শিশুরা শিখছে, কোনো প্রাণীই ছোট না। এটাই বর্তমানের বাংলাদেশ; যেখানে একটা পাখিও রাজা হতে পারে।

(বর্ণমালার বাকি অক্ষরগুলো নিয়ে লেখাটা আরও দীর্ঘায়িত করা যেত। কিন্তু আমরা এবারের পাঠ্যপুস্তকে ছাপা হওয়া ‘আদর্শ ছেলে’

দ্বারা অনুপ্রাণিত; আমরা লেখা ছোট করে ছাপায় বিশ্বাসী।)

গ্রন্থনা: আবু সাঈদ