বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার পরীক্ষাসহ নানা খাতে বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে চালু হওয়া সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন তাঁরা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ‘বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে বেলা ১১টার দিকে বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা প্রশাসন ভবনের ফটক বন্ধ করে ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন তাসলিমা তাহরিন, খাদেমুল বাসার, সাজেদুল সাজু, শিরিন আক্তার, আশরাফুল ইসলাম, গোলাম মোস্তফা, আবু সুফিয়ান, উত্সব মোসাদ্দেক, মিঠুন রায়, সোহান রেজা, প্রদীপ মাইদি প্রমুখ। বেলা একটা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচি শেষে আগামীকাল সব ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের এ সমাবেশে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক আবু নাসের, ফোকলোর বিভাগের শিক্ষক সুস্মিতা চক্রবর্তী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী মামুন হায়দার।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে সহ-উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। ওই কমিটি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে তাঁদের দাবি শুনবে ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরবে। এর মাধ্যমে একটি সমাধান আসবে।’
বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদভুক্ত সাতটি বিভাগে দুই বছরমেয়াদি সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ফরম বিতরণও শুরু হয়েছে। এ ছাড়া বাণিজ্য ও আইন অনুষদে আগে থেকেই সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু রয়েছে।