বর্ষপূর্তিতে কম্পিউটার সিটিতে নানা আয়োজন
১৩ বছর পার করে ১৪ বছরে পা দিয়েছে দেশের অন্যতম বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটি। আর তাই বিসিএস সিটিতে গ্রাহকসেবা শতভাগ নিশ্চিত করতে বিসিএস কম্পিউটার সিটি কর্তৃপক্ষ ও তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। আর সিটিতে ক্রেতাদের আগ্রহ বাড়াতে নতুন আয়োজন যোগ করা হবে। গত মঙ্গলবার রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে ১৩ বছর পূর্তির অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা জানান। বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘মান ধরে রাখতে আর গ্রাহকদের সন্তুষ্টিতে বিসিএস কম্পিউটার সিটি প্রথম থেকেই বদ্ধপরিকর। এর পরও নতুনভাবে এ বিষয়টিতে আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে গত মঙ্গলবার বিকেলে মুক্ত আলোচনায় বিসিএস কম্পিউটার সিটির সাবেক ও বর্তমান সদস্য, ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তিবিদ ও সাংবাদিকেরা অংশ নেন। এর আগে তাঁদের উপস্থিতিতে বিসিএস সিটির উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আরও ছিল আগত ক্রেতাদের মিষ্টি বিতরণ, মিলাদ মাহফিল, ঈদ উৎসব র্যাফল ড্রর পুরস্কার বিতরণ ইত্যাদি। —নিজস্ব প্রতিবেদক