বর্ষসেরা অ্যাওয়ার্ড

বর্ষসেরা ককটেল, বর্ষসেরা উদীয়মান পেট্রলবোমা
হরতাল প্রতিবেদক
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ২০১৩ সালের বর্ষসেরা নাশকতামূলক সরঞ্জামের খেতাব জিতল ককটেল! দুষ্কৃতকারীদের জাতীয় সংগঠন বাংলাদেশ দুষ্কৃতকারী চক্রের (বাদুচ) সদস্যদের সরাসরি ভোট ও নির্বাচকমণ্ডলীর বিচারে বর্ষসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে ককটেল।
মূলত বছরজুড়ে সংঘটিত হরতাল-অবরোধে ককটেলের বিপুল ব্যবহার ও এর দ্বারা সফলভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জানমালের ক্ষয়ক্ষতি করার কৃতিত্বেই ককটেলের ভাগ্যে বর্ষসেরার খেতাব জুটেছে। শেষ মুহূর্তে ককটেলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চললেও বর্ষসেরা উদীয়মান হিসেবেই সন্তুষ্ট থাকতে হলো পেট্রলবোমাকে।
নির্বাচকমণ্ডলীর বিচারে এ বছরের ‘স্পিরিট অব নাশকতা অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত হয়েছে গানপাউডার। এ ছাড়া হরতাল-অবরোধে সর্বাধিক ব্যবহূত ইটপাটকেল পেয়েছে আজীবন সম্মাননা পুরস্কার।
জাহিদ হাসান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
সম্পাদক: পিকেটার জ্বালাও খাঁ। জ্বালাও-পোড়াও মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে বোমারু বুলবুল কর্তৃক অজ্ঞাত স্থান থেকে প্রকাশিত।