বর্ষসেরা টেলিকম টাওয়ার কোম্পানি ইডটকো

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বর্ষসেরা টেলিকম টাওয়ার কোম্পানির স্বীকৃতি পেয়েছে ইডটকো গ্রুপ। ১৩ অক্টোবর সিঙ্গাপুরের কনরাড সেন্টেনিয়াল হোটেলে জমকালো অনুষ্ঠানে ইডটকোকে ‘২০১৬ সাউথইস্ট এশিয়া টেলিকমস টাওয়ার কোম্পানি অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করে ফ্রস্ট অ্যান্ড সুলিভান।
এই পুরস্কার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেস্ট প্রাকটিসেস অ্যাওয়ার্ড। ২০১৫ সালে বিভিন্ন কোম্পানির ব্যবসায় উৎকর্ষ সাধন ও শিল্প বিকাশে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
বাজার দক্ষতার বিভিন্ন নির্দেশক বিশ্লেষণ করে ‘সাউথইস্ট এশিয়া টেলিকমস টাওয়ার কোম্পানি অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ড’-এর প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়েছিল। এই নির্দেশক গুলোর মধ্যে রয়েছে-রাজস্ব প্রবৃদ্ধি, বাজারে অংশীদারিত্ব বৃদ্ধি, পণ্য উদ্ভাবনে নেতৃত্ব, পণ্য প্রসার ও সমাধান, বড় ক্রেতাদের কাছে পৌঁছানো এবং ব্যবসা ও বিপণন কৌশল।
ফ্রস্ট অ্যান্ড সুলিভানের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল ট্রান্সফরমেশন) অ্যান্ড্রু মিলরয় বলেন, ‘টেলিযোগাযোগ শিল্পে অভূতপূর্ব পরিবর্তন চলছে। এই শিল্পে ইডটকো নেতৃত্বস্থানীয় ও অগ্রগামী। কোম্পানিটি বাজার নেতৃত্ব ও প্রবৃদ্ধি প্রদর্শনের পাশাপাশি উদ্ভাবনী পণ্যের প্রসারের মাধ্যমে তার ভৌগোলিক উপস্থিতি বৃদ্ধি করেছে। টেলিকম শিল্পে ইডটকোর অবদান অসামান্য।’
ইডটকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুরেশ সিধু বলেন, ‘উদ্ভাবনমূলক টেলিযোগাযোগ অবকাঠামোর সমাধানের মাধ্যমে এই অঞ্চলে সংযোগ তৈরিতে ইডটকোর নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতি এই পুরস্কার। উন্নয়নশীল দেশগুলোতে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য প্রতিযোগিতামূলক বাজারে উন্নত সেবা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ইডটকো বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কায় সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদান করছে। ইডটকোর সেবা আওতার মধ্যে রয়েছে টাওয়ার লিজিং, কো-লোকেশনস, বিল্ড টু স্যুট, জ্বালানি, ট্রান্সমিশন, অপরেশন ও রক্ষণাবেক্ষণ (ওঅ্যান্ডএম)। বিজ্ঞপ্তি।