দেশের তথ্যপ্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনজন নারী পেলেন বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্ব সম্মাননা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ সম্মাননা দিয়েছে। সম্মাননা পাওয়া নারীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আনিকা রহমান এবং কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান স্টারটেকের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানা খান।
গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘গার্লস ইন আইসিটি ডে ২০২২’ দিবস উদ্যাপন অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীরা হ্যাকারদের প্রধান লক্ষ্য হওয়ায় তাঁদের অনলাইন নিরাপত্তা নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মোহাম্মাদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনজিও–বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম, সিএসআইডি নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং প্ল্যান ইন্টারন্যাশনালের পরিচালক ডেনিস ও প্রায়ান।
লাফিফা জামাল শিক্ষকতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের নারীদের সংগঠন বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির (বিওব্লিউআইটি) সভাপতি, বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম স্বর্ণপদক অর্জন করে। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্যও তিনি।
আনিকা রহমান সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টে (সিডিডি) প্রশিক্ষণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিবন্ধী হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি তিনি। তবে প্রবল ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে স্বশিক্ষায় শিক্ষিত হন। এরপর প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘এসএআরপিভি’তে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। সেখানেই তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ পরিচালনা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সভায় বিশেষজ্ঞ হিসেবেও অংশ নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও প্রতিবন্ধী নারী স্বশিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
স্টারটেকের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানা খান একজন প্রযুক্তি উদ্যোক্তা। তথ্যপ্রযুক্তি শিল্পে ১৭ বছরের বেশি কাজ করছেন তিনি। ই-গভর্ন্যান্স, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি বিশেষভাবে ভূমিকা রাখছেন। কৌশলগত পরিকল্পনা, প্রযুক্তি উন্নয়ন, দল গঠন এবং সংগঠনের পরিবর্তন ব্যবস্থাপনায় দক্ষ রেজওয়ানা পেশাদার পরামর্শদাতা হিসেবে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন।