বলুন তো জন্মদিন কবে?
আমরা সহজে অনেক গণিতের সমস্যার সমাধান করতে পারি। এ জন্য খুব বেশি হিসাব-নিকাশ করতে হয় না। অনেক কিছু বেশ মুখে মুখেই করে ফেলি। এভাবে গণিতের সমস্যার সমাধান করতে পারলে বেশ ভালোই লাগে। আমদের অনেকেই সেই কবে স্কুলে পাটিগণিত, বীজগণিত করেছি। তারপর হয়তো কেউ উচ্চমাধ্যমিক বা স্নাতক পর্যায়েও বিজ্ঞান, গণিত শিখেছি। কিন্তু পরে গণিত নিয়ে আর বেশি নাড়াচাড়া করিনি। কিন্তু বিশ্বের বড় বড় গণিতবিদ অনেক বড় হয়েও মজার মজার গণিতের ধাঁধা নিয়ে নিজেরা একে অপরের সঙ্গে কথোপকথনের ছলে খেলেছেন।
চট করে হিসাব করা যায়—এ রকম একটি মজার হিসাব দেখুন। বলতে হবে, কোন সংখ্যাকে ২০ দিয়ে গুণ করে ২০ বিয়োগ করলে ২০০ সংখ্যাটি পাওয়া যাবে? কীভাবে এটা বের করব? খুব সোজা। উল্টো দিক থেকে শুরু করতে হবে। প্রথমে দেখুন শেষ ফলটি কত? সেটা ২০০। তাহলে এর সঙ্গে ২০ যোগ করলে যে সংখ্যাটি হবে, তার থেকে ২০ বিয়োগ করলেই তো থাকবে ২০০, তাই না? এখন দেখুন, কোন সংখ্যাকে ২০ দিয়ে গুণ করলে ২২০ হয়? খুব সোজা। ২০ দিয়ে ভাগ করলেই সেই সংখ্যা পাওয়া যাবে। এখন ২২০ / ২০ = ১১। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এবার চট করে বলে দিতে পারি উত্তর ১১। এবার মিলিয়ে দেখুন। ১১-কে ২০ দিয়ে গুণ করলে হবে ২২০। এর থেকে ২০ বিয়োগ করলে থাকবে ২০০। আমরা তো সেটাই চেয়েছি, তাই না?
এবার একটা চালাকির গণিতের ধাঁধার উত্তর দিন তো? ধরা যাক আজকের তারিখটি। ‘৩ সেপ্টেম্বর ২০১৭’। আপনাকে বলা হলো, এই তারিখটি বোঝানোর জন্য শুধু সাতটি বাংলা বর্ণ ব্যবহার করে প্রকাশ করুন তো? কোনো অঙ্ক (ডিজিট) ব্যবহার করা যাবে না। আপনি নিশ্চয়ই ভাবছেন, এটা কী করে সম্ভব? আসলে এটা যতটা না গণিতের, তার চেয়ে বেশি উপস্থিত বুদ্ধির। আসলে আপনি উত্তরে বলবেন, ‘আজকের তারিখ’, ব্যস! গুনে দেখুন, একেবারে টায়ে টায়ে সাতটি বর্ণ ব্যবহার করেই আপনি উত্তর দিয়েছেন। এবং উত্তর সঠিক, কারণ আজই তো সেই ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর, তাই না? সুতরাং শুধু ‘আজকের তারিখ’ বললেই তো এই তারিখটি বোঝানো হলো!
আজকের প্রশ্ন
এবার সত্যিকার অর্থেই একটা মজার ধাঁধা দিই। একজন তরুণ গণিতবিদ বলছেন, গত পরশু তাঁর বয়স ছিল ২১। আর আগামী বছর তাঁর বয়স হবে ২৪। এটা কি সম্ভব? আগামী বছর ২২ হবে না, ২৩-ও হবে না, হবে ২৪? এখন বলুন তো সেই গণিতবিদের জন্মতারিখটি কত এবং কবে, কোন তারিখে তাঁর বয়সের কথাটি বলেছেন?
এ প্রশ্নের উত্তর অনলাইনে মন্তব্য আকারে বা ই-মেইলে পাঠাতে পারেন।
গত রোববারের প্রশ্নের উত্তর:
প্রশ্নটি ছিল: ১০০-এর চেয়ে বড় এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করুন, যেটা নিজে মৌলিক সংখ্যা (প্রাইম নাম্বার) নয়, কিন্তু ২ থেকে ১০০ পর্যন্ত কোনো সংখ্যা দিয়েই নিঃশেষে বিভাজ্য নয়?
অনেকেই অনলাইন ও ই-মেইলে সঠিক উত্তর দিয়েছেন। আমি প্রায় সবার উত্তরের প্রশংসা করেছি। সবাইকে শুভেচ্ছা।
সঠিক উত্তর: ১০০-এর চেয়ে বড় প্রথম মৌলিক সংখ্যাটি হলো ১০১। সুতরাং ১০১ * ১০১ = ১০২০১ হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা, যা নিজে মৌলিক সংখ্যা নয়, কিন্তু ২ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। কারণ, যেহেতু সংখ্যাটি দুটি মৌলিক সংখ্যার গুণফল, তাই সেটা শুধু ওই দুটি মৌলিক সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারে না। এর চেয়ে বড় অন্য সংখ্যাগুলো হতে পারে ১০১ * ১০৩ = ১০৪০৩ প্রভৃতি।
আব্দুল কাইয়ুম: সম্পাদক, বিজ্ঞানচিন্তা
[email protected]