বলুন তো সংখ্যা দুটির গড় কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ কিছু হিসাব আছে, যা গণিতের কঠিন নিয়মকানুন না জানলেও আমরা মুখে মুখেই করতে পারি। যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করল, বলুন তো একটি সংখ্যার ৫ গুণ থেকে ১০ বিয়োগ করলে যদি ৭৫ হয়, তাহলে সংখ্যাটি কত? এর উত্তর বের করার জন্য আমরা প্রথমে ৭৫-এর সঙ্গে ১০ যোগ করব। (৭৫ + ১০) = ৮৫। তাহলে সংখ্যাটির ৫ গুণ নিশ্চয়ই ৮৫ হতে হবে। এখন আমরা ৮৫-কে ৫ দিয়ে ভাগ করলেই সংখ্যাটি পাব। (৮৫ / ৫) = ১৭।

এ রকম আরেকটি মজার হিসাব দেখুন। ০ থেকে ৯ পর্যন্ত ১০টি অঙ্ক দিয়ে দুটি সংখ্যা লিখতে হবে। শর্ত হলো, এর প্রতিটিতে থাকবে ৫টি করে অঙ্ক এবং কোনো অঙ্ক একবারের বেশি ব্যবহার করা যাবে না। এবং সংখ্যা দুটি এমন হতে হবে যে ওদের বিয়োগফল ক্ষুদ্রতম। সংখ্যা দুটি কী? এই সমস্যা আমরা দুভাবে সমাধান করতে পারি। যেমন প্রথমে আমরা সংখ্যা দুটি লিখব ৫০১২৩ ও ৪৯৮৭৬ যেন বিয়োগফল হয় ২৪৭, যা ক্ষুদ্রতম। এখানে লক্ষণীয়, সংখ্যা দুটির প্রথম অঙ্ক যথাক্রমে ৫ ও ৪ লিখেছি, যেন অযুতের ঘরের অঙ্ক দুটির পার্থক্য সবচেয়ে কম হয়। পরের অঙ্কগুলোও ওভাবেই হিসাব করে বসানো হয়েছে যেন পুরো সংখ্যার বিয়োগফল ক্ষুদ্রতম হয়। তবে যদি আমরা ঋণাত্মক সংখ্যাকেও হিসাবে ধরি, তাহলে কিন্তু অন্য রকম হবে। তখন আমরা বৃহত্তম সংখ্যাটি লিখব ৯৮৭৬৫ এবং ক্ষুদ্রতম সংখ্যাটি লিখব ১০২৩৪। এদের বিয়োগফল হবে (৯৮৭৬৫ - ১০২৩৪) = ৮৮৫৩১। এবার যদি উল্টিয়ে লিখি, তাহলেই ক্ষুদ্রতম বিয়োগফল পাব। (১০২৩৪ -৯৮৭৬৫) = -৮৮৫৩১।

নতুন ধাঁধা
একটি মজার হিসাব করুন তো। ৫টি ক্রমিক জোড় সংখ্যার গড় যদি ৩৬ হয়, তাহলে ওই সংখ্যাগুলোর প্রথম ও শেষ দুটি সংখ্যার গড় কত? দ্বিতীয় ও চতুর্থ সংখ্যা দুটির গড়ইবা কত?

এর উত্তর আপনারা অনলাইনে মন্তব্য হিসেবে লিখতে পারেন অথবা আমাকে ই-মেইলেও জানাতে পারেন।

গত রোববারের ধাঁধার উত্তর
ধাঁধাটি ছিল এ রকম: ৩, ৫ ও ৯ অঙ্ক (ডিজিট) তিনটি ব্যবহার করে তিন অঙ্কের কতগুলো সংখ্যা লেখা যাবে, যেখানে কোনো সংখ্যায় অঙ্কগুলো একবারের বেশি ব্যবহার করা যাবে না? সংখ্যাগুলো কী?

প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমাকে ই-মেইলেও অনেকে জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ।

এখানে লক্ষণীয়, তিন অঙ্কের সংখ্যাটির প্রথম অঙ্ক (ডিজিট) লেখা যাবে তিনভাবে। যেমন সংখ্যাটির প্রথম অঙ্কটি ৩, ৫ বা ৯ হতে পারে। এখন এদের যেকোনো একটি ব্যবহার করার পর থাকবে দুটি অঙ্ক, সুতরাং সংখ্যাগুলোর দ্বিতীয় অঙ্কটি লেখা যাবে মাত্র দুইভাবে। এবং তৃতীয় অঙ্কটি লেখার সুযোগ থাকবে মাত্র ১টি। সুতরাং মোট ৩*২*১ = ৬ ভাবে লেখা যাবে। সংখ্যাগুলো হবে ৩৫৯, ৩৯৫, ৫৩৯, ৫৯৩, ৯৩৫ ও ৯৫৩।

আব্দুল কাইয়ুম: সম্পাদক, মাসিক বিজ্ঞানচিন্তা
[email protected]