বলুন তো সেই পাত্রে কত পানি ধরে?
অনেক সময় গণিতের কিছু জটিল সমস্যার উত্তর আমরা চট করে দিতে পারি। প্রথমে মনে হয় পারব না। কিন্তু কিছু নিয়ম জানলে খুব সোজা। যেমন প্রশ্ন করলাম, বলুন তো দুই অঙ্কের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট কোন দুটি সংখ্যা ৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য? যদি আপনি জানেন যে ৫ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোর শেষ অঙ্কটি ৫ অথবা ০ হতে হবে, তাহলেই আপনি চট করে উত্তর দিতে পারবেন। ২ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি ৯৫ ও সবচেয়ে ছোট ১০।
এবার একটি মজার প্রশ্ন দেখুন। এমন কোনো বছর আছে কি, যার জানুয়ারি মাসের ১ তারিখ, ফেব্রুয়ারির ২ তারিখ, মার্চের ৩ তারিখ, এপ্রিলের ৪ তারিখ, মে মাসের ৫ তারিখ, জুনের ৬ তারিখ, জুলাইয়ের ৭ তারিখ, আগস্টের ৮ তারিখ, সেপ্টেম্বরের ৯ তারিখ, অক্টোবরের ১০ তারিখ, নভেম্বরের ১১ তারিখ ও ডিসেম্বরের ১২ তারিখ একই বার হবে? প্রশ্নটা খুব সহজ নয়। পরিষ্কার করার জন্য প্রশ্নটা আমরা এভাবে সাজাতে পারি। মাস ও তারিখকে সংখ্যায় লিখলে বলতে হবে, এমন কোন বছর আছে যার ১/১, ২/২, ৩/৩, ৪/৪, ৫/৫, ৬/৬, ৭/৭, ৮/৮, ৯/৯, ১০/১০, ১১/১১ ও ১২/১২ তারিখগুলো একই বার হবে? অর্থাৎ ১ জানুয়ারি যদি ধরা যাক সোমবার হয়, তাহলে ২ ফেব্রুয়ারি, ৩ মার্চ, ৪ এপ্রিল, ...১২ ডিসেম্বর সবই হতে হবে সোমবার। এ রকম কোনো বছর কি থাকতে পারে?
এর উত্তরে বলা যায়, আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি, অর্থাৎ গ্রেগরিয়ান বা জুলিয়ান ক্যালেন্ডার, তার মাসের দিন-তারিখ হিসাবের একটি বিশেষ সূত্র আছে। সেটা হলো, যেকোনো বছরের ৪ এপ্রিল (৪/৪), ৬ জুন (৬/৬), ৮ আগস্ট (৮/৮), ১০ অক্টোবর (১০/১০) ও ১২ ডিসেম্বর (১২/১২) এবং ফেব্রুয়ারির শেষ তারিখ একই বার হয়। কিন্তু জানুয়ারি, মার্চ, মে প্রভৃতি অন্য তারিখের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। এই তথ্যটি খুব মজার। একে বলা হয় ডুমসডে রুল বা ডুমসডে অ্যালগরিদম। ব্রিটিশ গণিতবিদ জন কনওয়ে (John Conway <https://en.m.wikipedia.org/wiki/John_Horton_Conway>) এই সূত্র উদ্ভাবন করেন। এ ক্ষেত্রে তিনি ব্রিটিশ লেখক ও গণিতবিদ লুই ক্যারলের কিছু গাণিতিক সূত্র ব্যবহার করেন। তবে এর মধ্যেও কিছু জটিল হিসাব-নিকাশ আছে। আপাতত আমরা এই সূত্রটি ব্যবহার করে বলতে পারি, এমন কোনো বছর নেই যার ১/১, ২/২, ...১২/১২ তারিখগুলো একই বার হবে।
নতুন প্রশ্ন
একটি পাত্রের ৩০ শতাংশ খালি থাকলে যে পরিমাণ পানি ধরে, তা সেই পাত্রের ৩০ শতাংশ পূর্ণ থাকলে তার চেয়ে ৩০ লিটার বেশি পানির সমান। বলুন তো সেই পাত্রে মোট কত পানি ধরে?
এর উত্তর অনলাইনে বা আমার ই-মেইলে জানাতে পারেন।
গত রোববারের (২৫ সেপ্টেম্বর) প্রশ্নের উত্তর
প্রশ্নটি ছিল এ রকম: একজন তরুণের বয়সের ৩ গুণের সঙ্গে ২০ যোগ করলে তাঁর বয়সের ৪ গুণ হয়। সেই তরুণের বয়স কত?
উত্তর: তরুণের বয়স ২০ বছর।
সবাই সঠিক উত্তর দিয়েছেন। সবাইকে ধন্যবাদ।
কীভাবে উত্তরটি বের করলাম
আসুন আমরা গণিতের ভাষায় চিন্তা না করে সাধারণ যুক্তি দিয়ে প্রশ্নটার উত্তর বের করি। আমরা বলতে পারি, যেহেতু বয়সের ৩ গুণের সঙ্গে ২০ যোগ করায় বয়স ৪ গুণ হয়ে গেল, তাই এই ২০-এর জন্যই বয়স বেড়েছে ১ গুণ। তাহলে এটাই তরুণের বয়স। বয়স ২০।
গণিতের ভাষায় এটাকে আমরা এভাবে বলতে পারি: তরুণের বয়স যদি ‘ক’ হয়, তাহলে প্রশ্নের শর্ত অনুযায়ী
৪ক = (৩ক + ২০)
বা, (৪ক - ৩ক) = ২০
বা, ক = ২০
সুতরাং বয়স ২০
আব্দুল কাইয়ুম: সম্পাদক, বিজ্ঞানচিন্তা
[email protected]