বলুন তো ম্যাজিক সংখ্যাটি কত?

আমরা বড় বড় গণিতের সমস্যা সহজে সমাধান করে ফেলি, কিন্তু অনেক সময় সহজ সমস্যার সমাধান বের করতে বারোটা বেজে যায়। এবারের ম্যাজিক সংখ্যার সমস্যাটি অনেকটা সে রকমই।
তবে সেই সমস্যায় যাওয়ার আগে আসুন গণিতের দুটি সহজ সমস্যার সমাধান জেনে নিই।
এমন একটি বর্গসংখ্যা বলুন তো যার অঙ্কগুলোর যোগফল ওই সংখ্যার বর্গমূলের সমান? এর উত্তর খুব সোজা। ৮১। কারণ, এর অঙ্ক দুটির যোগফল (৮ + ১) = ৯, যা ৮১-এর বর্গমূল। এখন প্রশ্ন হলো কীভাবে বের করলাম? আমরা প্রথমে ২ অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নিয়ে পরীক্ষা করে দেখি। ৪, ৫, ৬, ...৯–এর বর্গসংখ্যাগুলো পরীক্ষা করলেই উত্তর পেয়ে যাব। অথবা একটু কঠিন পদ্ধতিতে সমাধান বের করতে পারি। লক্ষ্য করুন, যদি অঙ্ক দুটি ক ও খ হয়, তাহলে শর্ত অনুযায়ী, (ক + খ)২ = (১০ক + খ)। এখানে সমীকরণ একটি, কিন্তু অজানা রাশি দুইটি। তাই ক ও খ-এর একাধিক সমাধান থাকবে। এদের মধ্যে গ্রহণযোগ্য সমাধানটি হলো, ক = ৮ ও খ = ১। সুতরাং সংখ্যাটি ৮১।
আরেকটি সহজ সমস্যা দেখুন। এমন একটি ৪ অঙ্কের সংখ্যা বের করতে হবে, যা ৫ ও ৭ দিয়ে নিঃশেষে বিভাজ্য। এর উত্তরের জন্য আমরা প্রথমে দেখব ৫ ও ৭–এর গুণফল যেহেতু ৩৫, তাই সংখ্যাটি যদি ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটাই হবে উত্তর। ৪ অঙ্কের সংখ্যার জন্য ৯৯৯-এর চেয়ে বড় সংখ্যাটি আমরা বেছে নেব। প্রথমে ৯৯৯–কে ৩৫ দিয়ে ভাগ করি। ভাগফল প্রায় ২৮.৫৪। সুতরাং, চার অঙ্কের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে (৩৫ × ২৯) = ১০১৫। একই শর্ত পূরণ করে ৪ অঙ্কের এ রকম আরও অনেক সংখ্যাই পাওয়া যাবে। চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে (৩৫ × ২৮৫) = ৯৯৭৫, যা ৫ ও ৭ দিয়ে নিঃশেষে বিভাজ্য।
এ সপ্তাহের প্রশ্ন
একটি ম্যাজিক সংখ্যা থেকে আপনার বর্তমান বয়স বিয়োগ করলে আপনার জন্মসালের শেষ দুটি অঙ্ক পাওয়া যাবে। বলুন তো সেই ম্যাজিক সংখ্যাটি কত? (ধরে নিতে হবে আপনার বয়স ১১৭-এর চেয়ে বেশি নয়। দ্বিতীয়ত, যদি বিয়োগফল তিন অঙ্কের হয়, তাহলে প্রথম অঙ্কটি বাদ দিয়ে শেষ দুটি অঙ্ক ধরতে হবে, এক অঙ্কের হলে এর আগে একটি ০ আছে বলে ধরে নিতে হবে)।
গত রোববারের প্রশ্নের উত্তর
প্রশ্নটি ছিল, দুটি ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল ২৩ হলে সংখ্যা দুটি কত?
উত্তর: সংখ্যা দুটি ১১ ও ১২
প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন। সবাইকে ধন্যবাদ।
কীভাবে উত্তর বের করলাম
উত্তরটি সহজে বের করার জন্য আসুন প্রথমে ছোট কয়েকটি সংখ্যা নিয়ে আমরা হিসাব করে দেখি:
২২ - ১২= ৩ = ২ + ১
৩২ - ২২ = ৫ = ৩ + ২
৪২ - ৩২ = ৭ = ৪ + ৩
৫২ - ৪২ = ৯ = ৫ + ৪
৬২ - ৫২ = ১১ = ৬ + ৫
দেখা যাচ্ছে, যদি ক্রমিক সংখ্যাগুলো ১ করে বাড়তে থাকে, তাহলে তাদের বর্গের বিয়োগফল ২ করে বাড়ে এবং সংখ্যা দুটির যোগফলই হলো তাদের বর্গের বিয়োগফল।
এ রকম হওয়ার কারণ হলো বীজগণিতের নিয়ম অনুযায়ী (ক২-খ২) = (ক + খ) (ক-খ)। এখানে যেহেতু ক ও খ দুটি ক্রমিক সংখ্যা, তাই (ক-খ) = ১। সে জন্য (ক২-খ২) = (ক + খ) × ১ = (ক + খ)।
সুতরাং, বর্গসংখ্যা দুটির বিয়োগফল ২৩ হলে ক্রমিক সংখ্যা দুটি হবে ১১ ও ১২। কারণ, (১১ + ১২) = ২৩
অন্যভাবে আমরা বলতে পারি, সংখ্যা দুটি যদি ক ও খ হয় এবং ক > খ হয়, তাহলে ক২-খ২ = ২৩, অথবা (খ +১)২ -খ২ = ২৩, অথবা (২ × খ + ১) = ২৩, অথবা খ = (২৩-১) / ২ = ১১। সুতরাং, ক = (১১ + ১) = ১২
আব্দুল কাইয়ুম: সম্পাদক, বিজ্ঞানচিন্তা
[email protected]