বস বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে খাবার কেনার সাইট ইয়েমেকসেপেতির প্রধান নির্বাহী নেভজাত আয়দিন।
অনলাইনে খাবার কেনার সাইট ইয়েমেকসেপেতির প্রধান নির্বাহী নেভজাত আয়দিন।

কর্মীদের কাছে সেই বসই সেরা যিনি সবকিছুতেই তাঁদের খেয়াল রাখেন। সেদিক থেকে বিবেচনা করলে তুরস্কের অনলাইনে খাবার কেনার সাইট ইয়েমেকসেপেতির প্রধান নির্বাহী নেভজাত আয়দিনকে বিশ্বের শ্রেষ্ঠ বস বলাই যায়। তাঁর প্রতিষ্ঠানটিকে জার্মানির আরেকটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার পর বোনাস হিসাবে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে দেড় লাখ পাউন্ড (এক কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা প্রায়) করে অর্থ দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
নেভজাত আয়দিন বলেন, ১১৪ জন কর্মীকে বিশাল অঙ্কের এই বোনাস দেওয়ার কোনো চুক্তি বা বাধ্যবাধকতা ছিল না। কিন্তু প্রতিটি কর্মীকে তিনি এই সমপরিমাণ বোনাস দিয়েছেন কারণ প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে প্রতিটি কর্মীর অবদান রয়েছে এবং সবাই মিলেই প্রতিষ্ঠানটিকে সফল করে তুলতে পেরেছেন।
২০০০ সালে ৫০ হাজার পাউন্ড খরচ করে অনলাইনে এই খাবারের ফরমায়েশ দেওয়ার ওয়েবসাইট তৈরি করেছিলেন আয়দিন। তুরস্কের হ্যারিয়েট পত্রিকাকে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, তুরস্কের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে মুনাফা ভাগাভাগির ঘটনা এটাই প্রথম।

জার্মানির একটি প্রতিষ্ঠান তিন কোটি ৭৫ লাখ পাউন্ড খরচ করে আয়দিনের প্রতিষ্ঠানটিকে কিনছে। তারা নতুন বোনাস প্যাকেজ অনুমোদন করেছে।
আয়দিন বলেন, বিশাল বোনাস পাওয়ার পরে কর্মীদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করেছে। যাঁদের মাসিক বেতন ৭০০ থেকে এক হাজার ২০০ পাউন্ডের মধ্যে তাঁরা এই বিশাল বোনাস পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
বোনাস পাওয়ার ঘোষণা শুনে কর্মীদের কেউ আনন্দে কেঁদে ফেলেন, কেউ চিত্কার করে ওঠেন আবার কেউবা ধন্যবাদ জানিয়ে প্রধান নির্বাহীকে চিঠি দেন।
হ্যারিয়েটকে আয়দিন বলেন, মানুষের মধ্যে আবেগ কাজ করবেই কারণ এই অর্থ দিয়ে আমি তাদের জীবনে একটা প্রভাব রাখতে পেরেছি। এ অর্থ দিয়ে তাঁরা বাড়ি, গাড়ি কিনতে পারবেন।
সিএনএনকে আয়দিন বলেছেন, সবার সঙ্গে আবেগভরা কথাবার্তাই হচ্ছে। এই বোনাস প্যাকেজ অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দেবে।
কর্মী ও মালিকের মধ্যে মুনাফা ভাগাভাগি করার ঘটনা অবশ্য এর আগেও ঘটেছে। তবে কর্মীদের বিশাল অঙ্কের অর্থ দিয়ে দেওয়ার ঘটনা দুর্লভ।