বসেছিল লিনাক্স ব্যবহারকারীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুন্টু-মিন্টুর আড্ডা’ শিরোনামে লিনাক্সভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু ও লিনাক্স মিন্ট ব্যবহারকারীদের আড্ডা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত আড্ডায় তিন শতাধিক লিনাক্সপ্রেমী অংশ নেন। আড্ডায় লিনাক্স কী, লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা, লিনাক্সকে কীভাবে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনার অনুষ্ঠিত হয়।আড্ডার শুরুতেই জে টি এস ম্যুরের মুক্তসোর্সভিত্তিক ‘রেভল্যুশন ওএস’ তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। আড্ডায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘মুক্ত সোর্সের মাধ্যমে আমাদের প্রতিভার বিকাশ হতে পারে।’ তিনি ওপেন সোর্স নিয়ে কার্নিভালের মতো অনুষ্ঠানের কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিফাত-উন-নবী, রণদীপম বসু, মাহে আলম খান, মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, হাসিন হায়দার, মানচুমাহারাসহ অনেকে। আড্ডায় নতুন লিনাক্স ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেন অভিজ্ঞ লিনাক্স ব্যবহারকারীরা। আড্ডার পাশাপাশি লিনাক্স ও মিন্টের অতিরিক্ত সফটওয়্যার ও আপডেটসহ উবুন্টু বাংলাদেশ সংকলিত ডিভিডি এবং উবুন্টু ও লিনাক্স মিন্টের লোগোসহ টি-শার্ট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছিল। অনুষ্ঠানে বিডিওএসএন মুক্ত সফটওয়্যার এবং এর প্রয়োজনীয়তা বিবরণসংবলিত একটি লিফলেট এবং আউট সোর্সিংয়ের ওপর বুকলেট বিনা মূল্যে বিতরণ করে। অঙ্কুর-আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অংশগ্রহণকারীদের মধ্যে বিনা মূল্যে লোকালাইজেশন করা ভিএলসি প্লেয়ার, মজিলা ফায়ারফক্স ও ওপেন অফিসের সিডি ও মজিলা ফায়ারফক্সের লোগোসংবলিত ব্যাজ বিতরণ করে। সরাসরি ইন্টারনেটে আড্ডাটি লাইভ স্ট্রিমিং ও লাইভ ব্লগিংয়ের সুবিধা দিয়েছিল সচলায়তন ব্লগ। আড্ডার মূল আয়োজক ছিল উবুন্টু বাংলাদেশ, কারিগরি সহায়তায় ছিল অঙ্কুর-আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং প্রচার-সহায়তায় ছিল আমাদের প্রযুক্তি, প্রজন্ম ফোরাম, সচলায়তন ও লিনাক্স মিন্ট বাংলাদেশ। —নাসির খান