বহিষ্কৃত গুগল প্রকৌশলীকে চাকরির প্রস্তাব দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত এক চিঠি লিখে গত সোমবার চাকরি হারানো গুগলের জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী জেমস ড্যামোরেকে সমর্থন জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি জেমসকে আমন্ত্রণ জানিয়েছেন নিজ প্রতিষ্ঠানে চাকরির জন্য। টুইটারে দেওয়া এক বার্তার মাধ্যমে তাঁকে চাকরির প্রস্তাব দেন অ্যাসাঞ্জ।
গুগলে চাকরি পাওয়ার ক্ষেত্রে নারী-পুরুষে বৈষম্য করা হয়—এমন মন্তব্য করে গুগলের অভ্যন্তরীণ নেটওয়ার্কে বেশ বড়সড় একটি চিঠি ছড়িয়ে দেন জেমস। সেই চিঠির কথা বাইরে বেরিয়ে এলেই চরম সমালোচনার মুখে পড়ে গুগল। তাই জেমসকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার টুইটারে পরপর কয়েকটি টুইটে জেমসকে সমর্থনের কথা জানান জুলিয়ান। এক টুইটে তিনি লেখেন, ‘সেন্সরশিপ শুধু ব্যর্থদের প্রয়োজন। উইকিলিকস গুগলের অপসারিত প্রকৌশলীকে চাকরির প্রস্তাব দিচ্ছে।’ জেমসের বিরুদ্ধে গুগলের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে জুলিয়ান আরেকটি টুইটে লেখেন, নারী ও পুরুষ উভয়েই সমান সম্মান পাবে। কেউ বিনয়ের সঙ্গে নিজের মতামত প্রকাশ করলে তাকে ছাঁটাই না করে যুক্তিতর্কের মাধ্যমে বুঝিয়ে বলাটাও এই সম্মানের মধ্যেই পড়ে।
সূত্র: বিজনেস ইনসাইডার