বহুনির্বাচনীর বিভ্রান্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে ফেসবুকে এক বন্ধু তার একটি পোস্টে আমাকে ট্যাগ করে। পোস্টটিতে একটা বোর্ডের ছবি ছিল, যেখানে একটি গাণিতিক সমস্যা লেখা:১. নিচের যেকোনো একটি অপশনকে দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত অপশনটি সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা কত? ক) ২৫% খ) ৫০% গ) ৬০% ঘ) ২৫%কী? ২৫%? ক অথবা ঘ? হুট করে উত্তর করার আগে একবার ভাবুন। ছাপা ঠিকই আছে। যেকোনো একটি বহুনির্বাচনী প্রশ্ন, যার চারটি অপশন থেকে একটি উত্তর নির্বাচন করতে হবে, তার বেলায় দৈবভাবে নির্বাচন করলে উত্তরটি সঠিক হওয়ার সম্ভাবনা ২৫% (অন্যভাবে বললে ০.২৫ বা ১/৪) হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আলোচ্য সমস্যাটিতে সমস্যাটা কী? সমস্যা হলো, এর অপশনগুলো নিজেরাই উত্তর সঠিক হওয়ার সম্ভাব্য সম্ভাবনাগুলো নির্দেশ করছে। তুলনা করুন ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা এই প্রশ্নটির সঙ্গে:২. বাংলাদেশের রাজধানী কোনটি? ক) ঢাকা (উত্তর) খ) ঢাকা গ) ঢাকা (দক্ষিণ) ঘ) শেরেবাংলা নগরএই প্রশ্নের অপশনগুলো নিজেরা কিন্তু উত্তর সঠিক বা বেঠিক হওয়ার সম্ভাবনার ব্যাপারে কিছু বলছে না। তাই দৈবভাবে নির্বাচন করলে উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা সেই ১/৪-ই থাকছে, হিসাবে কোনো ঝামেলা হচ্ছে না। এই প্রশ্নের সঠিক উত্তর কেবল একটি অপশনেই আছে কিন্তু এমন যদি হয়, চারটির মধ্যে দুটি অপশন সঠিক এবং বেছে নিতে হবে চারের থেকে কেবল একটিকে, তখন? এই প্রশ্নটির কথাই ধরুন:৩. x2 = a2 হলে x = ? ক) a খ) a গ) | a | ঘ) | a |এই প্রশ্নের দুটি অপশনে যেহেতু সঠিক উত্তর রয়েছে, তাই দৈবভাবে যেকোনো একটি অপশন বেছে নিলে সেটা সঠিক হওয়ার সম্ভাবনা ১/২। ঠিক যেন চোখ বন্ধ করে দুটি লাল বল, একটি নীল বল এবং একটি সবুজ বল থেকে একটি লাল বল বেছে নেওয়ার সম্ভাবনার মতো। ৩ নম্বর প্রশ্নের বেলায় আমরা আগেই বলে দিয়েছি যে তার দুটি অপশনে সঠিক উত্তর রয়েছে। কিন্তু প্রশ্নটি যদি এ রকম হয়—৪. হুঁকোমুখো হ্যাংলার দুই লেজের মধ্যিখানে মাছি বসলে সে শেষতক সেটাকে কোন লেজ দিয়ে তাড়িয়েছিল? ক) উভয় লেজ খ) ডান লেজ গ) বাম লেজ ঘ) উভয় লেজ...অর্থাৎ দুটি অপশনে একই উত্তর থাকে (তা ছাপার ভুলেই হোক আর যে কারণেই হোক) এবং সেখান থেকে একটি অপশন বেছে নিতে বলা হয়, যেখানে সঠিক উত্তর একটাই, যা কেবল হুঁকোমুখো হ্যাংলার (কিংবা সুকুমার রায়ের) জানা থাকার কথা, তখন দৈবভাবে বেছে নেওয়া অপশনটি সঠিক হওয়ার সম্ভাবনা কত হবে?নিচের চারটি ঘটনার যেটিই ঘটুক, আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পাব, অর্থাৎ বেছে নেওয়া উত্তর সঠিক হবে। এই চারটি ভিন্ন অন্য কোনো ঘটনা ঘটলে আমাদের উত্তর সঠিক হতে পারে না কিংবা সঠিক হওয়া না-হওয়ার সঙ্গে সেগুলো সম্পর্কহীন।এক. ক অপশনটি (উভয় লেজ) সঠিক এবং আমরা দৈবভাবে অপশন নির্বাচন করতে গিয়ে ক-ই নিয়েছি।দুই. খ অপশনটি (ডান লেজ) সঠিক এবং আমরা দৈবভাবে অপশন নির্বাচন করতে গিয়ে খ-ই নিয়েছি।তিন. গ অপশনটি (বাম লেজ) সঠিক এবং আমরা দৈবভাবে অপশন নির্বাচন করতে গিয়ে গ-ই নিয়েছি।চার. ঘ অপশনটি (উভয় লেজ) সঠিক এবং আমরা দৈবভাবে অপশন নির্বাচন করতে গিয়ে ঘ-ই নিয়েছি।এখানে অপশন চারটি থাকলেও দুটি অপশনে একই উত্তর আছে। তাহলে মোট উত্তর তিনটি; উভয় লেজ, ডান লেজ ও বাম লেজ। এর মধ্যে একটা যেহেতু সঠিক, তাই এর প্রতিটির সঠিক হওয়ার সম্ভাবনা ১/৩ বলা যায়। আবার, দৈবভাবে চারটি অপশনের মধ্যে ক বেছে নেওয়ার সম্ভাবনা ১/৪, একইভাবে খ বেছে নেওয়ার সম্ভাবনাও ১/৪ এবং গ ও ঘ-এর বেলায়ও ঠিক তাই। লক্ষ করুন, এই চারটি ঘটনার প্রতিটিই আবার দুটি করে ঘটনার সমন্বয়ে গঠিত, যে দুটো আবার পরস্পর স্বাধীন। এক নম্বরটার কথাই ধরুন। এই ঘটনাটা যে দুটো ঘটনা নিয়ে তৈরি, ক-এর সঠিক হওয়া এবং আমাদের ক বেছে নেওয়া, সে দুটোর যেকোনোটা ঘটলে অপরটা ঘটতেও পারে না-ও ঘটতে পারে। আমরা জানি, দুটি পরস্পর স্বাধীন ঘটনা একই সঙ্গে ঘটলে তাদের মিলিত সম্ভাবনা ওই ঘটনা দুটো পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। যেহেতু ‘উভয় লেজ’ অপশনটি সঠিক হওয়ার সম্ভাবনা ১/৩ এবং আমাদের ক বেছে নেওয়ার সম্ভাবনা ১/৪, সেহেতু এই দুটো ঘটনার মিলিত ফল, ওপরের তালিকার এক নম্বর ঘটনা ঘটার সম্ভাবনা ১/৩×১/৪=১/১২। অনুরূপভাবে দুই, তিন ও চার নম্বর ঘটনার প্রতিটি ঘটার সম্ভাবনাও ১/১২। চারটি ঘটনার প্রতিটিই এমন যে এদের যেকোনোটি ঘটলে ওই একই সময় অপর কোনোটা ঘটতে পারে না। এ ধরনের ঘটনাকে বলে পরস্পর বিচ্ছিন্ন (ডিসজয়েন্ট) ঘটনা। একাধিক বিচ্ছিন্ন ঘটনার যেকোনোটা ঘটলে যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য (এ ক্ষেত্রে উত্তর সঠিক হওয়া) পূরণ হয়, তাহলে ওই ঘটনাগুলো পৃথকভাবে ঘটার সম্ভাবনাগুলো যোগ হবে। যোগফলটিই হবে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা। সুতরাং, এক অথবা দুই অথবা তিন অথবা চার নম্বর ঘটনা ঘটার সম্ভাবনা =১/১২+১/১২+১/১২+১/১২=১/৩। এটা এত ঘুরিয়ে-পেঁচিয়ে বের না করে এক লাইনেও বের করা যেত: তিনটি উত্তরের যেকোনো একটির সঠিক হওয়ার সম্ভাবনা ১/৩। কিন্তু এক কথায় বললে তার পেছনের যুক্তিকাঠামো জানা হতো না।এখন একই রকমভাবে কাঙ্ক্ষিত ঘটনাকে একাধিক ছোট ছোট ঘটনায় ভাগ করে নিয়ে আমরা প্রশ্ন ১-এর সংশ্লিষ্ট সমস্যার সমাধানে মনোযোগ দিতে পারি, যেটার সূত্র ধরে এত কথা হলো। ধরা যাক, অপশন ক (২৫%) সঠিক। কিন্তু প্রশ্ন ১-এর সম্ভাব্য তিনটি উত্তরের (২৫%, ৫০% ও ৬০%) মধ্যে যেকোনোটির সঠিক হওয়ার সম্ভাবনা ১/৩ বা ৩৩.৩৩%। তাই অপশন ক সঠিক হতে পারে না। কারণ, ওতে ২৫% লেখা, ৩৩.৩৩% নয়। একই কারণে খ, গ ও ঘ-ও সঠিক হতে পারে না। কারণ কোনোটাতেই ৩৩.৩৩% লেখা নেই। সব মিলিয়ে দাঁড়াল এই যে প্রশ্ন ১-এর কোনো অপশনই সঠিক হতে পারে না। অর্থাৎ ওই প্রশ্নের যেকোনো একটি অপশনকে দৈবভাবে নির্বাচন করলে আপনার নির্বাচিত অপশনটি সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা শূন্য। এটাই উত্তর!উত্তরের পরেও প্রশ্ন থেকে যায়। যদি প্রশ্ন ১-এর একটি অপশনে ৩৩.৩৩% থাকত... ক) ২৫% খ) ৩৩.৩৩% গ) ৫০% ঘ) ২৫%... তাহলে কি সেই অপশনটিই হতো উত্তর? উঁহু! কারণ তখন ওই অপশনটি বেছে নেওয়ার সম্ভব্যতা হতো চারে এক বা ২৫%। কিন্তু দৈবভাবে বেছে নিতে হলে ২৫% কে নির্বাচনের সম্ভাবনা দাঁড়ায় চারে দুই বা ৫০%। এটা দেখে যদি ভাবেন যে শেষমেশ ৫০%-ই উত্তর, তাহলেও ভুল হবে। কারণ, ওই অপশনটি বেছে নেওয়ার সম্ভাবনা আবার সেই ২৫%। এভাবে ব্যাপারটা চক্রাকারে চলতেই থাকবে। তাই উত্তর হবে অনির্ণেয়। অন্যভাবে বললে, চারটি অপশনের যেটাই বেছে নিন, উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা আবারও সেই শূন্য। কারণ, অনির্ণেয় তো অপশনের মধ্যে নেই! এখন যদি অপশনগুলো এমন হতো... ক) ২৫% খ) ৩৩.৩৩% গ) অনির্ণেয় ঘ) ০% (শূন্য)... তাহলে কী হতো? ভাবতে থাকুন। এমসিকিউ মানে মারাত্মক কনফিউজিং কোয়েশ্চেন—কথাটা তো আর এমনি এমনি আসেনি!