বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।
# অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: মহাস্থানগড়ে কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও?
উত্তর: মহাস্থানগড় বাংলাদেশের বিশেষ খ্যাতনামা ঐতিহাসিক স্থান। এটি খ্রিষ্টপূর্ব চার শতক থেকে পরবর্তী ১৫০০ বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে।
ঐতিহাসিক নিদর্শনগুলো:
১। মহাস্থানগড়ে বাংলাদেশের প্রাচীনতম ও বৃহৎ নগর ‘পুন্ড্রনগর’-এর ধ্বংসাবশেষ রয়েছে।
২। এখানকার মাটি খুঁড়ে ‘ব্রাহ্মীশিলালিপি’ পাওয়া গেছে। এটি হচ্ছে বাংলার প্রাচীনতম শিলালিপি।
৩। এখানে ‘গোবিন্দ ভিটা’ লক্ষিন্দরের মেধ’ ও ‘গোকুল মেধ’ নামে ধর্মীয় পুরাকীর্তি রয়েছে।
৪। প্রাচীনকালের একটি দুর্গ ভাঙা অবস্থায় এখনো দেখতে পাওয়া যায়। দুর্গটির পূর্বদিকে করতোয়া নদী এবং অপর তিন দিকে চওড়া খাদের চিহ্ন রয়েছে।
৫। দুর্গের ভেতর এখানে-সেখানে পাথরের অনেক খণ্ড রয়েছে। ‘খোদাই পাথর’ নামে পরিচিত এক টুকরা বিশেষ ধরনের পাথর পাওয়া গেছে। এই পাথরের টুকরাটি প্রায় ৩.৩৫ মিটার লম্বা ও ০.৯১ মিটার চওড়া।
৬। মহাস্থানগড়ের দক্ষিণ-পূর্ব কোণে মুঘল আমলে নির্মিত এক গম্বুজের একটি মসজিদ রয়েছে। এটি ‘মহাস্থান মসজিদ’ নামে পরিচিত।
মহাস্থানগড়ের অনেক নিদর্শন এখানকার যাদুঘরে রাখা হয়েছে।
এ ছাড়া কিছু নিদর্শন রাজশাহীর বরেন্দ্র যাদুঘরে এবং ঢাকার যাদুঘরে রাখা হয়েছে।
প্রশ্ন: সোমপুর মহাবিহারে কী কী নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি ‘সোমপুর মহাবিহার’ নামে পরিচিত। রাজা ধর্মপালের শাসনামলে (আনুমানিক ৭৮১-৮২১ খ্রি.) এটি নির্মিত হয়।
নিদর্শনগুলো:
১। এই বিহারের চারদিকে ১৭৭টি কুঠুরী রয়েছে।
২। সোমপুর মহাবিহারের মাঝখানে সুউচ্চ একটি মন্দির রয়েছে। তার চারপাশে রয়েছে অনেক ছোট মন্দির ও পুকুর।
৩। এ ছাড়া রন্ধনশালা, ভোজনশালা, পাকা নর্দমা ও কূপের নিদর্শন রয়েছে।
৪। পাহাড়পুরের ধ্বংসস্তূপের ভেতরে পোড়ামাটির বেশকিছু মূর্তি ও চিত্র পাওয়া গেছে। এগুলোর বেশির ভাগ বাংলার জীবজন্তুর মূর্তি।
৫। এছাড়া চুনবালি ও ধাতব মূর্তিও পাওয়া গেছে।
পাহাড়পুরের পুরাকীর্তি প্রাচীন বাংলার ধর্ম ও সংস্কৃতির ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম। ভ্রমণকারীদের জন্য এখানে একটি যাদুঘর ও বিশ্রামাগার রয়েছে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা