বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।
# অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: ময়নামতির পোড়ামাটির ফলকে কী কী দৃশ্য রয়েছে?
উত্তর: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ময়নামতির প্রত্ন নিদর্শনগুলো বাংলার ঐতিহাসিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে।
এখানকার মন্দিরগুলো কারুকার্যমণ্ডিত ছিল। মন্দিরের বাইরের দেয়াল ও অন্যান্য ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য পোড়ামাটির ফলক ব্যবহার করা হতো। পোড়ামাটির ফলকে অলৌকিক জীব ও পৌরাণিক দৃশ্য রয়েছে। এ ছাড়া বাস্তব অনেক দৃশ্য ও মূর্তি রয়েছে। এগুলোর মধ্যে সিংহ, বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, ঘোড়া, আগুয়ান হাতি, পদ্মে মুখ দেওয়া রাজহাঁস ইত্যাদি দৃশ্য বিশেষ আকর্ষণীয়। তদুপরি ঢাল-তলোয়ার হাতে যোদ্ধা, নাচের ভঙ্গিতে নারী-পুরুষ ইত্যাদির দৃশ্যও বিশেষ উল্লেখযোগ্য। ময়নামতিতে অনেক সোনা, রুপা ও তামার মুদ্রা পাওয়া গেছে। এ ছাড়া পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির লিপিফলক পাওয়া গেছে।
প্রশ্ন: সোনারগাঁয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে?
উত্তর: নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁও আমাদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। মধ্যযুগে মুসলিম শাসন আমলে বেশ কিছুকাল এখানে বাংলার সুলতানদের রাজধানী ছিল।
সোনারগাঁও মুঘল আমলের বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঈসা খাঁ ও তাঁর ছেলে মুসা খাঁর রাজধানী ছিল। এটি সে আমলের প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র ছিল। সেসব গৌরবময় দিনের কিছু নিদর্শন বর্তমান সোনারগাঁয়ে ছড়িয়ে আছে। নিদর্শনগুলোর মধ্যে বিরাট আকারের দীঘি, মাটির স্তূপ, ধ্বংসপ্রাপ্ত কেল্লা, মসজিদ ও পানাম নগরের ধ্বংসাবশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের মাজার রয়েছে। এ ছাড়া রয়েছে পাঁচ পীরের মাজার। মুঘল সুবেদার শায়েস্তা খানের আমলে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে সোনারগাঁর গুরুত্ব ধীরে ধীরে লোপ পায়।
প্রশ্ন: বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?
উত্তর: বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এ দেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। দীর্ঘদিন থেকে এ দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে। অনেক শাসক রাজত্ব করেছেন। সৃষ্টি হয়েছে অনেক ঐতিহাসিক স্থান। দেশের বিভিন্ন স্থানে রয়েছে এসবের নানা নিদর্শন। এগুলোর মধ্যে মহাস্থানগড়, ওয়ারী-বটেশ্বর, পাহাড়পুর, ময়নামতি, সোনারগাঁও, লালবাগ দুর্গ, আহসান মঞ্জিল ইত্যাদি উল্লেখযোগ্য।
এসব নিদর্শন আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে। আমরা এসব ঐতিহ্যে গৌরব বোধ করি। আমরা এসব স্থান ও নিদর্শন দেখব। এগুলো সাধ্যমতো সংরক্ষণ করব।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা