বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।
# অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: লালবাগ দুর্গের নিদর্শনগুলোর বর্ণনা দাও।
উত্তর: ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ দুর্গ আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মোহাম্মদ আযম ঢাকার সুবেদার থাকাকালে এটি তৈরির কাজ শুরু করেন।
লালবাগ দুর্গের নিদর্শনগুলো হলো:
১। লালবাগ দুর্গের উত্তর ও দক্ষিণ দিকে দুটি প্রবেশপথ রয়েছে।
২। দক্ষিণ দিকের প্রবেশপথে গোপনে বের হওয়ার জন্য অনেক সুড়ঙ্গপথ ছিল।
৩। এ দুর্গের ভেতরে ‘দিওয়ান-ই-আম’ নামের দরবার হল, তিন গম্বুজবিশিষ্ট একটি মসজিদ ও একটি পুকুর রয়েছে।
৪। এখানে রয়েছে শায়েস্তা খানের মেয়ে পরী বিবির মাজার।
৫। এর বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি সম্পূর্ণ ইটের তৈরি। এর চারদিকেও ইটের তৈরি উঁচু প্রাচীর রয়েছে।
৬। এ দুর্গটির মাঝখানে খোলা জায়গা আছে। মুঘল শাসকেরা খোলা জায়গায় সুন্দর সুন্দর তাঁবুতে বাস করতেন।
তবে মাঝখানে একটি দোতলা ছোট সুরম্য প্রাসাদ ছিল। বর্তমানে সেখানে একটি যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রশ্ন: ওয়ারী-বটেশ্বরে প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শনগুলোর বর্ণনা দাও।
উত্তর: ওয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম। এখানে কয়েক বছর আগে একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে। এটি ওয়ারী-বটেশ্বর নামে পরিচিত। এটি মহাস্থানগড়ের মতো বাংলার একটি সুপ্রাচীন ঐতিহাসিক নিদর্শন। ধারণা করা হয়, চার খ্রিষ্টপূর্ব অব্দে মৌর্য যুগে এখানে একটি সভ্যতার যাত্রা শুরু হয়। সমুদ্র-বাণিজ্যের সাথে এ অঞ্চলটি যুক্ত ছিল। এখানকার কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় ছাপাঙ্কিত মুদ্রা পাওয়া গেছে। এছাড়া পাথরের অনেকগুলো হাতিয়ার ও গুটিকা পাওয়া গেছে।
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা