বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: মাসুক হেলাল
ছবি: মাসুক হেলাল

অধ্যায়-৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ ৫ম অধ্যায় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# অল্পকথায় উত্তর দাও।
প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
উত্তর: মানুষের মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। অতিরিক্ত জনসংখ্যার কারণে মৌলিক চাহিদা পূরণ করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায়ই অসম্ভব হয়ে পড়ে। আর এর প্রভাব পড়ে দেশের সমগ্র জনগণের ওপর।
প্রশ্ন: খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লেখো।
উত্তর: বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ লাখ টন খাদ্যঘাটতি হয়। অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের খাদ্যঘাটতির একটি প্রধান কারণ। খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলো নিচে দেওয়া হলো।

১. অতিরিক্ত জনসংখ্যার ফলে কৃষিপ্রধান দেশ হয়েও বাংলাদেশে খাদ্য-সংকট দেখা যায়।
২. জমির তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি। তাই অতিরিক্ত মানুষের খাদ্যচাহিদা মেটাতে আমাদের প্রতিবছর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়।
৩. অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কৃষিজমির পরিমাণও কমে যাচ্ছে।
৪. খাদ্যের অভাব হলে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভোগে।
৫. খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির রয়েছে তীব্র সংকট। খাদ্য ও পানীয় জলের সংকট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়।
প্রশ্ন: অতিরিক্ত জনসংখ্যা থাকলে শিক্ষার কী সমস্যা হয়?
উত্তর: একটি দেশের অন্যতম সম্পদ হচ্ছে সে দেশের শিক্ষিত জনগোষ্ঠী। কিন্তু বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি অক্ষরজ্ঞান নেই। অতিরিক্ত জনসংখ্যা শিক্ষার ক্ষেত্রে যেসব সমস্যার সৃষ্টি করে, তা নিচে দেওয়া হলো—
১. শিক্ষার ক্ষেত্রে সফলতা আসা সত্ত্বেও সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যার কারণে শিক্ষার হার বাড়ছে না।
২. শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী শ্রেণীকক্ষ, শিক্ষক ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া যাচ্ছে না।
৩. অনেক দরিদ্র মা-বাবা তাঁদের সব সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারেন না।
৪. দরিদ্রতার জন্য অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারে না।
৫. আবার অনেক দরিদ্র বাবা-মা তাঁদের সন্তানের শিক্ষার খরচ চালাতে না পারায় বিদ্যালয়ে লেখাপড়া শেষ না করেই ঝরে পড়ে।
প্রশ্ন: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো।
উত্তর: বাংলাদেশে যথেষ্ট মূলধন না থাকলেও আছে পর্যাপ্ত জনসংখ্যা। এই জনসংখ্যার দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের ‘মানব মূলধন’ বা দক্ষ জনসম্পদে রূপান্তর করা সম্ভব। কারণ, মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে দক্ষ জনসম্পদের ওপর। দক্ষ জনসম্পদ গঠনের পাঁচটি উপায় আলোচনা করা হলো:
১. শিক্ষা: শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনসম্পদকে দক্ষ করে তোলা যায়। কর্মমুখী শিক্ষাব্যবস্থার জন্য কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন।
২. দক্ষতা বৃদ্ধি: শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত হলো শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি করা।
৩. জীবন যাত্রার মান বৃদ্ধি: উপযুক্ত খাদ্য ও পুষ্টি, পরিবেশ সম্পদ আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা যায়।
৪. জনশক্তি পরিকল্পনা: বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তি হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
৫. মানবসম্পদ রপ্তানি: অতিরিক্ত জনসংখ্যাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদেশে পাঠালে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে এবং দেশের অবস্থাও ভালো হবে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা