বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিবছর কত লোকের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?
উত্তর: বর্তমানে যে দ্রুত হারে জনসংখ্যা বাড়ছে, তাতে প্রতিবছর প্রায় তিন লাখ মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন।
প্রশ্ন: জনসম্পদ কাকে বলে?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের তিনটি উপাদানের মধ্যে দুটি হচ্ছে জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদ। তৃতীয়টি হচ্ছে মূলধন। তবে প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন জনসম্পদ। জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি। বাংলাদেশে মূলধন কম হলেও প্রাকৃতিক সম্পদ ও জনসম্পদে সমৃদ্ধ। তবে এ দেশের অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রশ্ন: বাংলাদেশে প্রায় অর্ধেক জনসংখ্যাই চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হওয়ার কারণ কী?
উত্তর: বাংলাদেশে প্রতি চার হাজার ৪৩ জন মানুষের মধ্যে মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক রয়েছেন। হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকগুলোতেও চাহিদার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। ফলে অনেকেই উপযুক্ত চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রশ্ন: বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না কেন?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার চাপে দেশে দারিদ্র্য বিমোচন বাধাপ্রাপ্ত হচ্ছে, বেকারত্ব বাড়ছে ও মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না।
প্রশ্ন: বাংলাদেশের উন্নয়ন-প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণ কী?
উত্তর: দেশে সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়া ও উন্নয়ন-প্রক্রিয়া ব্যাহত হওয়ার পেছনে অতিরিক্ত জনসংখ্যা অন্যতম কারণ।
প্রশ্ন: নারী উন্নয়নের জন্য কোন কোন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন?
উত্তর: নারী উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।