বা ং লা ১ম প ত্র
পরার্থে অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের কয়েকটি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কবি বিষাদ-বেদনাকে জগৎভরে জানাতে নিষেধ করেছেন কেন?
উত্তর: কবি নিজের বিষাদ-বেদনা অন্যকে জানাতে নিষেধ করেছেন কারণ এতে আমাদের ব্যক্তিত্ববোধের হানি ঘটে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্বের কারণ হলো তার নিজস্ব মেধা, মনন, ব্যক্তিত্ববোধ বা আত্মসম্মানবোধ।
যেহেতু মানবজীবন কুসুমাস্তীর্ণ নয়, তাই এ জীবনে নানা দুঃখ-বেদনা-বিষাদ ইত্যাদির আগমন খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে একান্ত নিজস্ব দুঃখ-বেদনার অনুভূতিগুলো অন্যকে জানানো উচিত নয়। কারণ, এতে অন্যের কাছে নিজের দুর্বলতা প্রকাশ পায়। ব্যক্তিত্বের হানি ঘটে এবং অন্যজনও এই দুর্বলতার সুযোগ নিয়ে যেকোনো সময় আঘাত করতে পারে। কবি তাই এ দুঃখ-বেদনাকে জগৎভরে জানাতে নিষেধ করেছেন।
প্রশ্ন: লুকানো বিষাদকে স্নিগ্ধ তারার আলোর সঙ্গে তুলনা করার কারণ কী?
উত্তর: লুকানো বিষাদ বা মানুষের মনের গহিনে থাকা কোনো বেদনাবোধ আমাদের মহৎ কিছু সৃষ্টিতে সহায়তা করে। তাই কবি এই লুকানো বিষাদকে স্নিগ্ধ তারার আলোর সঙ্গে তুলনা করেছেন।
অন্ধকার অমাবস্যার রাতে, চাঁদের আলোর অনুপস্থিতিতে তারার মিটিমিটি আলোই জগৎবাসীর কাছে প্রত্যাশিত। কারণ, ঐ ঘোর অমানিশার মধ্যে তারার মিটিমিটি আলোই আমাদের মধ্যে আশার আলো জাগিয়ে রাখে। ঠিক তেমনি মানবজীবনপ্রবাহে প্রাপ্ত কোনো আঘাত, দুঃখ, বেদনা ইত্যাদি লোকজনকে জানিয়ে অনুভূতি হালকা না করে তা মনের মধ্যে লুকিয়ে রাখলে পরবর্তী সময়ে সেই বেদনাবোধ বৃহত্তর কল্যাণ করতে সহায়তা করে। যুগে যুগে এ রকম অনেক কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক মহৎ কিছু সৃষ্টি করেছেন লুকানো বেদনাবোধ থেকে। তাই কবি লুকানো বিষাদকে স্নিগ্ধ তারার সঙ্গে তুলনা করেছেন।
প্রশ্ন: বিষাদ-বেদনা নিয়ে কবি আক্ষেপ প্রকাশ করতে নিষেধ করেছেন কেন?
উত্তর: বিষাদ-বেদনা নিয়ে ক্রমাগত আক্ষেপ বা দুঃখ প্রকাশ করলে দুঃখের ভারই বাড়তে থাকে। আর তখন জীবন হয় দুর্বিষহ। তাই কবি বিষাদ-বেদনা নিয়ে আক্ষেপ করতে নিষেধ করেছেন।
সুখ-দুঃখের অনুক্রমিক অনুবর্তনের মধ্য দিয়েই সচল আমাদের জীবনপ্রবাহ। জীবনে চলার পথে বিভিন্ন সুখানুভূতিগুলো যেমন আমাদের উদ্বেলিত করে, উচ্ছ্বসিত করে, পরম আনন্দের সাগরে ভাসিয়ে দেয়, ঠিক তেমনি দুঃখ-বেদনার বোধগুলো আমাদের জীবনকে বিপর্যস্ত করে, উদ্ভ্রান্ত করে। কিন্তু অনেকেই আছে, সামান্য দুঃখবোধগুলোকে বা বেদনাবোধগুলোকে অন্যের কাছে প্রকাশ-প্রচার করে বেড়ায় এবং এগুলো নিয়ে অনুতাপ-অনুশোচনা করতে করতে জীবনটাকে বিষিয়ে তোলে। এটা কখনোই কাম্য নয়। কবি তাই বিষাদ-বেদনা নিয়ে আক্ষেপ করতে নিষেধ করেছেন।
প্রশ্ন: ‘সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।’ বলতে মানবজীবন দর্শনকে বোঝানো হয়েছে। অর্থাৎ পরহিতব্রতে আত্মদানের মধ্যেই যে মানবজীবনের সার্থকতা, তা বোঝানো হয়েছে।
প্রশ্ন:এই পৃথিবীতে মানুষের আগমনের হেতু কী?
উত্তর: অন্যের কল্যাণে নিজেকে ব্যাপৃত রাখা। মানবাত্মার শাশ্বত কল্যাণের লক্ষ্যে নিজেকে বিলিয়ে দেওয়া।
প্রশ্ন: অন্যের হাসিমাখা মুখ দেখে নিজের অশ্রুজল মুছে ফেলা বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: অন্যের সুখে সুখী এবং দুঃখে দুঃখী হলে নিজের দুঃখ-বেদনাভার লাঘব হয়। এই দর্শনটিই প্রকাশ পেয়েছে আলোচ্য উক্তিতে।
সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা